নিরাপদ ক্যাম্পাস ও আবাসন সঙ্কট নিরসনে ভিসির কাছে ডাকসুর ৩ দফা দাবি

Printed Edition

ঢাবি প্রতিনিধি

নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিতকরণ, মানসম্মত খাদ্য ও নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা এবং আবাসন সঙ্কটের স্থায়ী সমাধানের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে তিন দফা দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ।

গত রোববার ভিসির সাথে বৈঠকে এসব দাবি তুলে ধরেন ডাকসুর নেতারা। পরে এক বিবৃতিতে তারা অভিযোগ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে ধারাবাহিকভাবে প্রস্তাব, পরিকল্পনা ও অর্থায়নের ব্যবস্থা করলেও প্রশাসনিক অনীহা, সমন্বয়হীনতা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে অধিকাংশ উদ্যোগ বাস্তবায়ন হয়নি।

ডাকসুর প্রথম দাবিতে একটি নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে ছাত্রী হলগুলোতে আধুনিক ডিজিটাল সিকিউরিটি গেট স্থাপন, নারী শিক্ষার্থীদের হলে প্রবেশের সময়সীমা যৌক্তিকভাবে বৃদ্ধি, অনাবাসিক শিক্ষার্থীদের হলে প্রবেশের সুযোগ, ছাত্রীদের অভিভাবকদের ভোগান্তি দূর এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ছাত্রী হলের সামনে নিয়মিত পুলিশ টহল, ফজলুল হক মুসলিম হল এলাকায় স্থায়ী পুলিশ পোস্ট স্থাপন, সুফিয়া কামাল হলসংলগ্ন ফুটওভার ব্রিজ অপসারণের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন এবং শাহবাগ থানায় ডাকসু ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিও জানানো হয়েছে। এ ছাড়া দীর্ঘদিন অচল থাকা কেন্দ্রীয় মসজিদের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু, মেয়েদের জিমনেশিয়াম উদ্বোধন এবং কেন্দ্রীয় খেলার মাঠ উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার আহ্বান জানানো হয়েছে।

দ্বিতীয় দাবিতে শিক্ষার্থীদের জন্য মানসম্মত খাদ্য ও নিরাপদ সুপেয় পানি নিশ্চিতের ওপর জোর দেয়া হয়েছে। এ জন্য হল, একাডেমিক ভবন ও টিএসসির স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, স্বল্পমূল্যে খাদ্য সরবরাহে টিসিবির সাথে সমঝোতা কার্যকর করা, বিভিন্ন ভবনে নতুন ক্যান্টিন চালু, বিদ্যমান ক্যান্টিনের মানোন্নয়ন এবং প্রতিটি হলে নিয়মিত পানির গুণগত মান পরীক্ষার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ডাকসু। তৃতীয় দাবিতে দীর্ঘদিনের আবাসন সঙ্কট নিরসনে চলমান দুই হাজার ৮৪১ কোটি টাকার আবাসন প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। একই সাথে নিয়মিত শিক্ষার্থীদের অগ্রাধিকার নিশ্চিত করে একটি স্বচ্ছ ও স্থায়ী সিট নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়েছে, যাতে ছাত্রত্ব শেষ হওয়ার পর কেউ অবৈধভাবে হলে অবস্থান করতে না পারে।

ডাকসুর নেতারা জানান, ভিসি তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে যৌক্তিক প্রস্তাব উপস্থাপনের পরও প্রশাসনিক জটিলতায় অধিকাংশ উদ্যোগ বাস্তবায়িত হয়নি। তাই আগামী দিনে বিভাগ ও হলভিত্তিক গণসংযোগ চালিয়ে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এসব দাবি আদায়ে আন্দোলন গড়ে তোলা হবে।