নবীন চৌধুরী
এসো মিলি জীবনের আনন্দে- এ প্রতিপাদ্য নিয়ে ঢাকার উপকণ্ঠে সাভারের সন্নিকটে ধামরাইয়ে প্রকৃতির অপরূপ পরিবেশে খোলামেলা সুবিশাল জায়গা নিয়ে গড়ে উঠেছে চিত্তবিনোদনের জন্য পার্ক, যা আলাদীন্স পার্ক নামে নামকরণ করা হয়েছে। ৪০ বিঘা জমির উপরে পার্কটি গড়ে উঠেছে। শুধু একা বা নিজের জন্য নয়, পরিবারের সবাই এমনকি ছোট ছোট শিশুদের জন্য রয়েছে চিত্তবিনোদনের আধুনিক ব্যবস্থা।
রাজধানী ঢাকার উপকণ্ঠে সাভার উপজেলা সদর থেকে নদী পার হয়ে মাত্র কয়েক মিনিটের পথ। আবার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই জয়পুরা/কুল্লা বাসস্ট্যান্ডের ব্রিজের দক্ষিণে কুল্লা ইউনিয়নের সিতি এলাকায় রয়েছে এ পার্ক।
পার্কের ভেতরে প্রবেশ মূল্য রয়েছে জনপ্রতি ৩০০ টাকা। আর ওয়াটার পার্ক ও রিসোর্ট, সু-বিশাল ড্রাই পার্ক ও আর্টিফিশিয়াল লেক দেখার জন্য প্রবেশ মূল্য রয়েছে ৬০০ টাকা। বড় ও ছোটদের জন্য অত্যাধুনিক রাইড, শুধু তাই নয় রয়েছে সু-বিশাল পিকনিক স্পট এবং কনভেনশন হল।
বড় ও ছোটদের জন্য বিনোদনের রাইডগুলোর মধ্যে রয়েছে বাম্পার কার, যার মূল্য এক শত টাকা। বুল রাইড, ডাবোল ডেক কেরোসেল, স্পিড স্পিনিং কার, হাইড্রলিক পেন্ডুলাম, সুপার সুয়িং, মিনি সুইট ড্যান্সিং, কিডি বল গান, মিনি গেমস, ট্রেন এইসব রাইড রয়েছে ১০০/৫০ টাকার মধ্যে। কিডি রাইডস্ জোন, যার মূল্য রয়েছে ৩০০ টাকা। প্যালে বোট ও ডায়ানামিক সিনেমা হল রয়েছে। এ ছাড়া স্পিডবোটের ব্যবস্থা রয়েছে। ক্ষণিক সময়ের জন্য স্পিডবোটে ঘুরে আসতে পারে দর্শনার্থীরা। প্রতিজন ১০০ টাকা।
কর্মব্যস্ত ক্লান্ত জীবনে একটু প্রশান্তির জন্য সপরিবারে রাতযাপন করতে পারেন এ পার্কের ভেতরেই অপর পাশে রিসোর্ট সেন্টারে। এখানে রয়েছে আধুনিক মানের রুম বা কক্ষ। রুমের ভেতরে উন্নতমানের বিছানা ও অন্যান্য জিনিসপত্র। আপনি ইচ্ছে করলে রুমে বসেই যেকোনো ধরনের খাবারের অর্ডার করতে পারেন। আলাদীন্স পার্কের ম্যানেজার কোরবান আলী জানান, পার্কে দর্শনার্থীরা রাতযাপনের জন্য প্রথম ফ্যামেলি প্যাকেজ রয়েছে সাড়ে ৩ হাজার টাকা। এতে থাকা ও একবেলা খাবার ফ্রি পরিবেশন করা হবে, যা দুপুরের খাবার বা রাতের খাবার হতে পারে। এ ছাড়া আরেকটি ফ্যামেলি প্যাকেজ রয়েছে সাড়ে চার হাজার টাকা, যা রাতযাপনসহ রাইডার ফ্রি থাকছে। এ ছাড়া বিভিন্ন পিকনিক স্পট, সুটিং স্পট, ওয়াটার কিংডম, রিসোর্ট ও হলিডে কটেজ, বিভিন্ন রাইডস, কনসার্ট এবং খেলার মাঠ, রেস্টুরেন্ট , কনফারেন্স এবং কনডেনশন হল ইত্যাদি রয়েছে । পার্কের ক্ষেত্রে রয়েছে পাক ড্রাই+ ওয়াটার পার্কের প্রবেশ ৪০০ টাকা , ড্রাইপার্ক +ওয়াটার পার্ক + সব রাইড (ক্যাবল কার ব্যতীত) ৬০০ টাকা এবং ড্রাই পার্ক +ওয়াটার পার্ক + সকল রাইড ৭০০ টাকা।
এ পার্কে বিনোদনের পাশাপাশি পরিবার পরিজন এমনকি সংগঠন/সমিতির সভা-সমাবেশ করার জন্যও আছে কনভেনশন হল এবং সু-বিশাল পিকনিক স্পট । শীতে বিভিন্ন স্থান থেকে পিকনিক করার জন্য এসে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান। এ ছাড়া বিভিন্ন গাছ পালাসহ মনোরম ফুলের বাগান রয়েছে।
২০১৬ সালে স্থানীয় এমপি এম এ মালেক উদ্বোধনের মধ্য দিয়ে এই পার্কটির যাত্রা শুরু হয়। এ পার্কের স্বত্বাধিকারী মো: আলাউদ্দিন বলেন, নিজেকে পরিচিত করার প্রত্যয় নিয়ে শুধুমাত্র মানুষের বিনোদনের জন্যই এ পার্ক করেছি। তিনি আরো বলেন, এই পার্ক ছাড়াও আমার আরো আধুনিক মানের একটি পার্ক ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বেতবাড়ি, এনায়েতপুরে রয়েছে।
কিভাবে আসবেন : ঢাকা থেকে ধামরাইগামী ডিলিংক বাস রয়েছে, যা গুলিস্তান থেকে ছাড়ে। এ ছাড়া ঢাকা গুলিস্তান টু মানিকগঞ্জ শুভযাত্রা বাস ও বিআরটিসি বাস রয়েছে। তা ছাড়া গাবতলী বাস টার্মিনাল থেকে বাসে করে আসা যায় । ঢাকা গুলিস্তান থেকে ধামরাই উপজেলা টুলিপিটা পর্যন্ত দূরত্ব ৪০ কিলোমিটার। এতে ভাড়া হচ্ছে ৮০ টাকা। ঢাকা গুলিস্তান থেকে ধামরাই টুলিপিটা আসতে প্রায় ২ ঘণ্টা সময় লাগে। এই টুলিপিটা বাসস্ট্যান্ড নেমেই এখান থেকে পার্কের দূরত্ব ৫-৬ কিলোমিটার। সেখান থেকে অটোরিকশা ও সিএনজিচালিত অটো নিয়ে চন্দ্ররাইল রাস্তা হয়ে সোজা আলাদীন্স পার্কে চলে যেতে পারবেন। সময় লাগবে পৌনে ১ ঘণ্টা। প্রতিজন ভাড়া ৩০ টাকা। এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে জয়পুরা স্ট্যান্ডে নেমে অটোরিকশা ও সিএনজিচালিত অটো নিয়ে সোজা চলে যেতে পারেন পার্কে, যাতে প্রতিজনের ভাড়া ৩০ টাকা। তা ছাড়া সাভার হয়ে ফোটনগর ব্রিজ পার হয়ে সোজা চলে আসতে পারেন পার্কে। শীতের মৌসুমেই মনোরম পরিবেশে দর্শনার্থী ও পিকনিকে আসা লোকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে আলাদীন্স পার্ক।
লেখক : সাংবাদিক



