মোবাইলের জন্য ছাত্রীর আত্মহত্যা
মানিকগঞ্জের হরিরামপুরে জান্নাত আক্তার (১৫) নামে নবম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল উপজেলার বয়ড়া ইউনিয়নের কর্মকারকান্দি বয়ড়া এলাকায় নিজ বাড়িতে সে আত্মহত্যা করে বলে জানান হরিরামপুর থানা এস আই মো: এমদাদুল হক। নিহত জান্নাত আক্তার কর্মকারকান্দি বয়ড়া এলাকার প্রবাসী শেখ জাফর মিয়ার মেয়ে এবং আব্দুর রাজ্জাক মডেল হাইস্কুলের নবম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী। স্থানীয় কয়েকজন জানান, আজ রোববার সকালে এন্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার নিয়ে জান্নাতের সাথে তার মায়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার কাছ থেকে মোবাইল ফোনটি নিয়ে নেয়া হয় এবং তার মা আরেক সন্তানকে দিতে স্কুলে চলে যান। পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতর ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত দেখতে পান। হরিরামপুর থানা এসআই মো: এমদাদুল হক বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা।
নড়াইলে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী গ্রামে ২৪৫ জনকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়েছে। গত শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চোখের ছানি পরীক্ষা করা হয়। এর মধ্যে বাছাইকৃত ৪৫ জন রোগীর ‘ছানি অপারেশন’ করে চিকিৎসাসেবা দেয়া হয়। খানকাহ্পাড়া সবুজ সঙ্ঘের আয়োজনে এবং যশোরের আদ্-দ্বীন সখিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যের এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানকাহ্পাড়া সবুজ সঙ্ঘের উপদেষ্টা হাবিবুল আলম বীরপ্রতীক কলেজের সহকারী অধ্যাপক মাহমুদুল হক আবু জাফর, সবুজ সঙ্ঘের সাধারণ সম্পাদক তানভীর হাসান বাপ্পি, আদ্-দ্বীন চক্ষু হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা: প্রশান্ত পোদ্দার, কালিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম মোর্শেদ শেখ, চক্ষু হাসপাতালের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও কাউন্সিলর দেলোয়ার হোসেন, সবুজ সঙ্ঘের অর্থবিষয়ক সম্পাদক শাহ্ মোহাম্মদ এনায়েত কবির কাজল, আলফাজ শেখ, বাদশাহ শেখ, আদনান খান প্রমুখ। নড়াইল প্রতিনিধি।
হাওরে বজ্রপাতে যুবকের মৃত্যু
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিউটন দাস (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার চন্ডিপুর এলাকাসংলগ্ন হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিউটন দাস চন্ডিপুর গ্রামের শ্রীনন্দ দাস ও রেখা রানী দাসের ছেলে। পেশায় জেলে নিউটন এক সন্তানের বাবা। স্থানীয় ও পরিবারসূত্রে জানা যায়, প্রতিদিনের মতো জীবিকার তাগিদে চন্ডিপুর এলাকার হাওরে মাছ ধরতে যান নিউটন। সকালে হঠাৎ ঝড়ো হাওয়ার সাথে তীব্র বজ্রপাত শুরু হয়। এতে ঘটনাস্থলেই বজ্রাহত হয়ে গুরুতর আহত হন তিনি। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করতে গেলেও ততক্ষণে তার মৃত্যু হয়। ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা।
পুলিশ লাইন্সের পুকুরে পোনা অবমুক্ত
নাটোর জেলা পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল নাটোর জেলা মৎস্য অফিসের সহযোগিতায় বিভিন্ন প্রজাতি মাছের পোনা অবমুক্তকরণের এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং জেলা মৎস্য কর্মকর্তা মো: ওমর আলী। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, দেশের মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলাশয়ের সুষ্ঠু ও পরিকল্পিত ব্যবহারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলাশয়গুলোকে যথাযথভাবে কাজে লাগানোর পাশাপাশি মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে এক দিকে যেমন উৎপাদন বৃদ্ধি করা সম্ভব, অন্য দিকে পরিবেশের ভারসাম্য রক্ষাতেও এটি সহায়ক ভূমিকা পালন করবে। এ সময় উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: ইফতে খায়ের আলম, নাটোর সদর সার্কেল উদয় কুমার সাহাসহ জেলা পুলিশ ও মৎস বিভাগের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নাটোর প্রতিনিধি।
মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত
রাঙ্গামাটি সদর সেনা জোনের উদ্যোগে স্থানীয় পাহাড়ি-বাঙালি জনসাধারণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে রাঙ্গামাটির সাপছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এ স্বাস্থ্য ক্যাম্পেইন পরিচালিত হয়। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিক্যাল ক্যাম্পেইনের উদ্বোধন করেন রাঙ্গামাটি সদর সেনা জোন কমান্ডার লে. কর্নেল একরামুল রাহাত, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন সাপছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীণ চাকমা, ইউপি সদস্য রিটন বড়ুয়া, মানিকছড়ি বাজার সমিতির সভাপতি মো: সাইফুল ইসলাম সগির, সাপছড়ি যুবদল সভাপতি আব্দুল বাছা, সমাজ কমিটির সদস্য মো: জাহাঙ্গীরসহ স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা। ক্যাম্পেইনের উদ্বোধনী বক্তব্যে রাঙ্গামাটির সদর জোন কমান্ডার লে. কর্নেল একরামুল রাহাত, পিএসসি বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি, প্রীতি ও সম্প্রীতির ধারা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন ও স্বাস্থ্যসুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই কাজ করে আসছে। রাঙ্গামাটি প্রতিনিধি।
ফসলি জমিতে খাদ্যগুদাম নির্মাণের প্রতিবাদ
বগুড়ার শিবগঞ্জে তিন ফসলি উর্বর কৃষিজমিতে প্রস্তাবিত আঞ্চলিক খাদ্যগুদাম নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল সকালে উপজেলার কিচক ইউনিয়নের আপসন ও সাদুরিয়া গ্রামের বাসিন্দাদের উদ্যোগে মোকামতলা-জয়পুরহাট সড়কে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্থানীয় কৃষক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেন। এ সময় তাদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। এর মধ্যে একটি প্ল্যাকার্ডে লেখা ছিল ‘জীবন দিব, তবু তিন ফসলি জমি দিব না।’ এ স্লোগানের মাধ্যমে তিন ফসলি কৃষিজমি রক্ষায় নিজেদের দৃঢ় অবস্থানের কথা জানান স্থানীয়রা। মানববন্ধনে অংশ নেয়া ব্যক্তিরা বলেন, প্রস্তাবিত খাদ্যগুদাম নির্মাণের জন্য যে জায়গা নির্ধারণ করা হয়েছে, সেটি উর্বর ও তিন ফসলি কৃষিজমি। এসব জমিতে বছরে তিন ধরনের ফসল উৎপাদন হয়। কৃষিজমি নষ্ট করে স্থাপনা নির্মাণ করা হলে স্থানীয়ভাবে খাদ্য উৎপাদন ব্যাহত হবে। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, এ বিষয়ে আমি এখনো কোনো চিঠি পাইনি। কোথায় খাদ্যগুদাম নির্মাণের প্রক্রিয়া চলছে সে বিষয়েও আমি জানিনা। যদি জায়গাটা দেখতাম তাহলে বলতে পারতাম যে জায়গাটা তিন ফসলি জমি কি না। শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা।
পুলিশ দেখে আসামির মৃত্যু
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে মো: সোহাগ চৌধুরী (৩৫) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু হয়েছে। নিহত মো: সোহাগ চৌধুরী একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর উরিয়া গ্রামের নুর নবী চৌধুরীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরজব্বর থানা পুলিশের একটি দল ওয়ারেন্টভুক্ত আসামি সোহাগকে গ্রেফতারের জন্য ঈদ্রিস মিয়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। জব্বর থানার ওসি রফিকুল হাসান জানান, নিহত ব্যক্তি ওয়ারেন্ট ভুক্ত আসামি তার বিরুদ্ধে থানায় ছয়টি মামলা রয়েছে। গত শনিবার সন্ধ্যায় পুলিশকে মামলার বাদির সাথে কথা বলতে দেখে তিনি দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে নিহত হন। নোয়াখালী অফিস।



