নয়া দিগন্ত ডেস্ক
হামের উপসর্গ নিয়ে দেশে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১১০ দিনে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৭২৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৬৩৬ শিশু ও নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সবশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এই হিসাব বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে দুই শিশু চট্টগ্রাম বিভাগের। এ ছাড়া ঢাকা, রংপুর ও সিলেট বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
শেষ ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা ৯৬৮। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৫১ শিশু। তাদের মধ্যে ৩০১ শিশুই ঢাকা বিভাগের। এরপর আছে চট্টগ্রাম (১৮১), বরিশাল (১৩৭) ও সিলেট (৮৭)। গত ২৪ ঘণ্টায় হামের ৭৮৪ রোগী হাসপাতাল থেকে ছুটিও পেয়েছে।
সিলেটে আরেক শিশুর মৃত্যু : নতুন ভর্তি আরো ৮৭
সিলেট ব্যুরো জানায়, সিলেটে হামে মৃত্যুর সাথে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সিলেটে নতুন করে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যাওয়া পাঁচ মাস বয়সী শিশু হাবিবা সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে হামে ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ জনে।
এ দিকে সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় সাতজনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৮৭ জন।
শুক্রবার এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র জানিয়েছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৮১ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে হামে ও উপসর্গে ৮৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন ২২ বছর বয়সী নার্স এবং বাকি ৮৪ জন শিশু। এরমধ্যে চারজনের হাম নিশ্চিত হলেও বাকিরা উপসর্গে মারা গেছেন।



