ইন্দোনেশিয়ার ত্রিশক্তি ইউনিভর্সিটির অর্থনীতি অনুষদের প্রফেসর এবং কানাডার কেইপ ব্রিটন ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের সাবেক প্রফেসর ড. মাসুদুল আলম চৌধুরী বলেছেন, দেশকে গড়তে হলে শিক্ষার ব্যাপারে ভাবতে হবে। জাতিকে কোন শিক্ষানীতি দেয়া হলো তা বড় প্রশ্ন। একটি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। সংস্কার শুরু হয়েছে। নব্বই শতাংশ মুসলমানের দেশে কী মডেল হবে শিক্ষার তা ভাবতে হবে। তিনি বলেন, অফুরন্ত জ্ঞানের ভাণ্ডার হচ্ছে কুরআন। কুরআনে অযৌক্তিক ও অসত্য বলে কিছু নেই।
আইআইইউসি মিলনায়তনে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘ইসলামিক সোশিও-ইকোনমিক প্ল্যানিং মডেল ফর বাংলাদেশ রিফর্ম’ শীর্ষক এক সেমিনারে মুখ্য আলোচনা উপস্থাপনকালে প্রফেসর ড. মাসুদুল আলম চৌধুরী কথাগুলো বলেন। সোমবার ও মঙ্গলবার আইআইইউসির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর আতিথ্যে অনুষ্ঠিত সেমিনারে সূচনা বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান। এ ছাড়াও বক্তব্য রাখেন গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ এবং ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. শাহাদাত হোসাইন। এতে আরো উপস্থিত ছিলেন আইআইইউসির গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. নাজিম উদ্দিন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ মনজুর আলম।
ড. মাসুদুল আলম চৌধুরী বলেন, বিবেক একটি সক্রিয় ও খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিবেক কিভাবে একটা নতুন বিশ্ব গড়ে তুলবে তা ভাবার জন্য বিবেক দরকার। বিবেকের সমৃদ্ধকরণ প্রয়োজন। তিনি বলেন, এখন কেবল আমি আর আমি নাম ও খ্যাতির পেছনে ছুটছি।
সমাপনী দিনে ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, আমরা এমন এক উন্নয়ন কাঠামোর কথা বলছি, যেখানে উন্নতিটা শুধু ভৌত বা অবকাঠামোগত নয় বরং মানুষের নৈতিক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক সমতা এবং সার্বিক মানবিক কল্যাণকে একসাথে বিবেচনা করা হয়। ইসলামী মূল্যবোধভিত্তিক উন্নয়ন মডেল সেই সমন্বিত পথটিই দেখায়। বিশ্বের অনেক দেশেই এখন বিকল্প উন্নয়ন-ধারা নিয়ে ভাবা হচ্ছে। বিজ্ঞপ্তি।



