ক্রীড়া প্রতিবেদক
এমনটা আর কখনো হয়েছে কি না স্মৃতি হাতড়ে বলতে পারলেন না অভিজ্ঞ সিনিয়র কোনো শাটলার। সে হিসেবে আন্তর্জাতিক আসরে বাংলাদেশের হয়ে দ্বৈতে বাংলাদেশের চার জুটি একসাথে কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়লেন রিয়াদুল ইসলাম-তনয় সাহা (ঘরোয়া ব্যাডমিন্টনে তারা অনিক-রিয়াদ জুটি নামে বেশ পরিচিত), গৌরব সিং-তানভীর ইসলাম, নাঈম-মিজান ও আল আমিন জুমার-মোয়াজ্জেম হোসেন ওহিদুল জুটি। এর মধ্যে গৌরব-তানভীর জুটি হারিয়েছে স্বদেশী শাটলারদের। আর বাকি তিন জুটিই হারিয়েছে বিদেশী প্রতিযোগিদের।
রিয়াদুল-তনয় জুটি ১৭-২১, ২১-১৪ ও ২১-১৯ ইরানের মেহেদী আনসারী-আমিন হোসেন জুটিকে, তানভীর-গৌরব সিং জুটি ২৪-২২, ২১-১৬ পয়েন্টে আকিব-শুভ জুটিকে, নাঈম-মিজান জুটি ২২-২৪, ২১-১৪ ও ২১-১৮ পয়েন্টে ভিয়েতনামের ডংখে ডংখা-ট্রান হং খা জুটিকে এবং জুমার-ওহিদুল ২১-১১ ও ২১-৯ পয়েন্টে ইরানের আমির হোসেন আজমলো-সাইদ আরমিন জাকি জুটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। ইরানের আজমলো এই হার মেনে নিতে পারেননি। কোর্ট থেকে বেরিয়ে মার্চ আউটের পর রাগ-ক্ষোভ-অভিমানে নিজের র্যাকেটটি ভেঙে ফেলেন।
ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজে শহীদ তাজউদ্দিন আহমদ ইনডোর স্টেডিয়ামে আজ সেমিফাইনাল ও ফাইনালে উঠার লড়াইয়ে নামবেন তারা। পদকে চোখ স্বাগতিক শাটলারদের। এর আগে চ্যালেঞ্জ টুর্নামেন্টে প্রথমবারের মতো আন্তর্জাতিক ব্যাডমিন্টন আসরে ফাইনালে আল আমিন জুমার-ঊর্মি আক্তার জুটি রৌপ্যপদক পান। এবার সেটিকে স্বর্ণতে রুপ দিতে চান ডাবলসের চার জুটি। কোয়াটারে উঠা চার জুটিই জানালেন, ‘ভালো খেলে দেশের মাটিতে স্বর্ণ জিততে চাই। শিডিউলের অপেক্ষায় আছি। আল বাংলাদেশ সেমি হলে কিংবা অল বাংলাদেশ ফাইনাল হলে সোনায় সোহাগা। প্রতিপক্ষ যেই হোক সেরাটা দিয়েই ফাইনাল খেলতে চাই।’ এ দিকে ঘরোয়া আসরে এক নম্বর শাটলার নাছিমা খাতুন ও দুই নম্বর র্যাংকিংয়ে থাকা উর্মি আক্তারের জুটি থাইল্যান্ডের প্রতিযোগীর কাছে ১৮-২১, ২১-১৯ ও ২১-৮ পয়েন্টে হেরেছেন।



