নিজস্ব প্রতিবেদক
রাজধানী মিরপুরে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনায় গণপিটুনির শিকার আহত মোক্তার হোসেন ডিবি কার্যালয়ে মারা গেছে। ডিবি হেফাজতে থাকা অবস্থায় মোক্তারকে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে খাওয়ার জন্য ডাকাডাকি করা হলে তার কোনো সাড়া পাওয়া যায়নি। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মোক্তারকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত সোমবার পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের স্ত্রী পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলাটি পরে ডিবিতে হস্তান্তর করা হয়।
এ দিকে মামলার অগ্রগতির অংশ হিসেবে বৃহস্পতিবার শরীয়তপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নজরুল, মাসুম ও জামান নামে তিনজনকে গ্রেফতার করে ডিবি। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি তাদের সহযোগী মোক্তার হোসেনের কাছে রয়েছে বলে জানায়। ডিএমপির ডিসি দাবি করেন, আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে একইদিন সন্ধ্যায় ডিবির একটি টিম রাজধানীর পল্লবী এলাকায় একটি গ্যারেজে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোক্তার দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় কৌশলে তাকে আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিতে থাকলে তিনি গুরুতর আহত হন। পরে তার দেখানো মতে পল্লবীর একটি রিকশা গ্যারেজ থেকে পিস্তলের আটটি গুলি উদ্ধার করা হয়। ডিসি জানান, আটকের পর মোক্তার হোসেনকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। রাত দেড়টার দিকে তিনি অসুস্থ বোধ করলে তাকে তাৎক্ষণিক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক পরীক্ষা শেষে কিছু ওষুধ দিয়ে চিকিৎসকরা তাকে ছাড়পত্র দিলে আবার ডিবি কার্যালয়ে ফিরিয়ে আনা হয়। এরপর শুক্রবার সকাল ১০টায় তাকে খাবারের জন্য ডাকাডাকি করা হলে কোনো সাড়া না মেলায় দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো: সরওয়ার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ প্রশাসন। কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।



