বাকৃবির আবাসিক হলগুলোতে ধারাবাহিক চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

Printed Edition

বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একাধিক আবাসিক হলে ধারাবাহিক চুরির ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। একই সময়ে ক্যাম্পাসের বোটানিক্যাল গার্ডেন ও বৈশাখী চত্বরে ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। হলগুলোর পেছনের অংশ, প্রবেশপথ ও জানালায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

গত ৩০ আগস্ট রাতে ফজলুল হক হলের ‘ডি’ ব্লকের তৃতীয় তলায় একাধিক কক্ষে চুরির অভিযোগ ওঠে। একই সময় একটি কক্ষে চুরির চেষ্টার অভিযোগে এক ব্যক্তির জুতা ও কিছু আলামত পাওয়া যায়। এর আগে একই দিন সন্ধ্যায় শহীদ শামসুল হক হলের ‘এ’ ব্লকের তৃতীয় তলা থেকে এক ব্যক্তিকে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার শামসুল হক হলের ‘সি’ ব্লকের পেছন দিয়ে এক ব্যক্তি প্রবেশ করে বাথরুমের পাইপ বেয়ে ২২৮ নম্বর কক্ষ থেকে একটি স্মার্টফোন নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া ২২ ও ২৭ আগস্ট মাওলানা ভাসানী হলের দু’টি কক্ষ থেকে তিনটি মোবাইল ফোন চুরির অভিযোগ পাওয়া যায়। এর মধ্যে একটি ফোন পরে ফেরত পাওয়া যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, হলগুলোর পেছনে পর্যাপ্ত আলো ও কার্যকর সিসিটিভি না থাকায় অনুপ্রবেশের ঝুঁকি রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল আলীম বলেন, চুরির ঘটনায় প্রভোস্ট কাউন্সিলের সভায় আলোচনা হয়েছে। নিরাপত্তাকর্মী ও পুলিশকে সতর্ক করা হয়েছে এবং হলগুলোর পেছনের অংশে আলো ও নজরদারি বাড়ানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রধান নিরাপত্তা কর্মকর্তা এ এস এম খায়রুল ফাত্তাহ বলেন, ক্যাম্পাসে টহল জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক টহলের জন্য স্থায়ী পুলিশ টিম মোতায়েনের চেষ্টা চলছে। পাশাপাশি জনবল, যানবাহন ও সিসিটিভি বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।