ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ডের মিডফিল্ডার ডেকলান রাইস টানা প্রায় তিন দিন অসুস্থতার কারণে বিছানায় ছিলেন বলে জানিয়েছেন প্রধান কোচ টমাস টুখেল। মায়ামির তীব্র গরমে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই খেলেছিলেন রাইস। তবে মাঠে তাকে কিছুটা অস্বস্তিতে দেখা যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্সেনালের সতীর্থ এবেরেচি এজের জন্য তাকে তুলে নেন টুখেল।
ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। নরওয়ের হয়ে আন্দ্রেয়াস শেলদেরুপ গোল করে দলকে এগিয়ে দেন। বিরতির ঠিক আগে সমতা ফেরান জুড বেলিংহ্যাম। পরে অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে জয় এনে দেন তিনি। এই জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচ শেষে টুখেল জানান, তীব্র গরমে তার দলের কয়েকজন খেলোয়াড় শারীরিক সমস্যায় ভুগছিলেন। ডিফেন্ডার এজরি কনসার পায়ে টান ধরেছিল। তবে রাইসের পরিস্থিতি ছিল আরো জটিল।
ইংল্যান্ড কোচ বলেন, ‘ডেকলান শেষ তিন দিন প্রায় পুরো সময়ই বিছানায় ছিল। তাই আমি জানতাম, সে ৯০ মিনিট খেলার অবস্থায় নেই। আবার ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনাও ছিল। তাই পরে আরেকটি পরিবর্তন নষ্ট না করে বিরতির পরই তাকে তুলে নেয়ার সিদ্ধান্ত নিই।’



