ক্রীড়া ডেস্ক
জিম্বাবুয়ের জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার ডিভাইন লুঙ্গা দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সশস্ত্র হামলার শিকার হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, রোববার শহরের হিলব্রো এলাকায় গাড়িতে থাকা অবস্থায় অজ্ঞাত এক বন্দুকধারী তার গাড়িকে লক্ষ্য করে গুলি চালায়। তবে এ ঘটনায় লুঙ্গা ও তার ছোট ভাই দু’জনই অক্ষত রয়েছেন।
দক্ষিণ আফ্রিকার পুলিশ মুখপাত্র ক্যাপ্টেন টিন্টস্বালো সিবেকো জানান, ঘটনাটি হত্যাচেষ্টার মামলা হিসেবে তদন্ত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
ধারণা করা হচ্ছে, হামলাকারী ভুলবশত তাকে ছদ্মবেশী পুলিশ কর্মকর্তা মনে করে গুলি চালিয়েছিল।
৩১ বছর বয়সী লুঙ্গা জিম্বাবুয়ের হয়ে ২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দলেও ছিলেন। ২০২১ সালে তিনি দক্ষিণ আফ্রিকার ক্লাব মামেলোদি সানডাউনসে যোগ দেন। এরপর দলটির হয়ে চারটি লিগ শিরোপা জয়ের পাশাপাশি গত মে মাসে আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ঘটনার পর লুঙ্গার ক্লাব কিংবা জিম্বাবুয়ে ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও জাতীয় দলের অফিসিয়াল পেজে তার একটি প্রার্থনারত ছবি প্রকাশ করা হয়েছে।



