উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জনগণের রায় উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। রাষ্ট্র সংস্কারের প্রত্যাশায় জনগণ গণভোটে রায় দিলেও বর্তমান সরকার তা বাস্তবায়ন না করে জনগণের সাথে প্রতারণা করছে।
গতকাল সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রিন চিলিস কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাওলান রফিকুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার বারবার সংবিধানের দোহাই দিলেও তাদের বক্তব্যে অতীতের স্বৈরাচারী আমলের মন্ত্রীদের সাথে মিল খুঁজে পাওয়া যায়। সেই সময়ও জনগণের অধিকার হরণ করে সংবিধানকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিল।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্দেশ্যে বলেন, “ইতিহাস সাক্ষী, জনগণের রায় উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকা যায় না।”
মাওলানা রফিকুল আরো বলেন, সরকার বলছে সংবিধান অনুযায়ী দেশ চলবে এবং সংবিধানে গণভোটের কোনো বিধান নেই। “সংবিধানে তো ২০২৬ সালের নির্বাচনের কথাও নেই। যদি সংবিধানের কঠোর ব্যাখ্যায় চলতে হয়, তাহলে আপনারাও ক্ষমতায় আসতে পারতেন না, আমিও এমপি হতে পারতাম না।”
৫৪ বছরের “ঘুণে ধরা” রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের জন্য জনগণ গণভোটে সংস্কারের পক্ষে রায় দিয়েছে। তাই দ্রুত সেই রায় বাস্তবায়নের করতে হবে। অন্যথায় জনগণের বিশ্বাস ভঙ্গ হলে সংসদে ও জনগণকে সাথে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে অধিকার প্রতিষ্ঠার করা হবে। ইনশাআল্লাহ।
মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম, উপজেলা সেক্রেটারি মো: খাইরুল ইসলাম, সাবেক আমির আব্দুস সামাদ, অফিস সম্পাদক মো: আব্দুল বারী এবং সাবেক পৌর কাউন্সিলর শাহাদৎ হোসেনসহ (খোকন) স্থানীয় নেতৃবৃন্দ।



