তারেক রহমানের বক্তব্য নিয়ে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্ট

Printed Edition

বাসস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক গণসংবর্ধনায় দেয়া বক্তব্য নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমের অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, তারেক রহমান তার সম্পূর্ণ ভাষণে ভারত সম্পর্কে কোনো মন্তব্য করেননি। অথচ সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে শিরোনামে ‘ভারত নিয়ে পরিকল্পনা’ জুড়ে দিয়েছে ‘এবিপি আনন্দ’ নামে এক গণমাধ্যম।

প্রতিবেদনে এ দাবির পক্ষে কোনো ব্যাখ্যাও দেয়া হয়নি।

বাংলাফ্যাক্টের অনুসন্ধান টিম জানায়, তারেক রহমানের বক্তব্যের ‘আই হ্যাভ আ প্ল্যান’ অংশটুকু নিয়েই এবিপি আনন্দ বিভ্রান্তিকর শিরোনাম করেছে।

বাংলাফ্যাক্ট জানায়, তারেক রহমানের ভাষণে ভারতকে নিয়ে কোনো পরিকল্পনার কথা ছিল না। কিন্তু বক্তব্যের একটি অংশ বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর শিরোনামে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ।

বাংলাফ্যাক্ট জানায়, ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে নিজের একটি পরিকল্পনার কথা উল্লেখ করেন। তবে পরিকল্পনাটি বিস্তারিতভাবে তুলে ধরেননি। এটি বাস্তবায়নে দেশের সব স্তরের মানুষের সহযোগিতা চান তিনি।

নিজের ভাবনার কথা বলার আগে তারেক রহমান যুক্তরাষ্ট্রের বর্ণবৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মার্টিন লুথার কিংয়ের ৬২ বছর আগের ঐতিহাসিক ‘আই হ্যাভ আ ড্রিম’ ভাষণের কথা স্মরণ করেন। সে বক্তব্যের সাথে সুর মিলিয়ে তিনি বলেন, ‘আই হ্যাভ আ প্ল্যান।’

তারেক রহমান বলেন, ‘প্রিয় ভাই-বোনেরা, আমরা দেশের শান্তি চাই। মার্টিন লুথার কিং-এর নাম শুনেছেন তো আপনারা। তার একটি বিখ্যাত ডায়ালগ আছে, ‘আই হ্যাভ আ ড্রিম’। আজ এ বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সবার সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে, আই হ্যাভ আ প্ল্যান, ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। এ পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে।’

এ ভাষণ নিয়ে ভারতের এবিপি আনন্দ ‘আই হ্যাভ আ প্ল্যান... বাংলাদেশে ফিরেই বিস্ফোরক খালেদা-পুত্র, ভারতকে নিয়ে পরিকল্পনা?’- শিরোনামে সংবাদ প্রকাশ করে।