গাদ্দাফিপুত্র সাইফকে গুলি করে হত্যা

Printed Edition
সাইফুল-ইসলাম গাদ্দাফি
সাইফুল-ইসলাম গাদ্দাফি

আলআরাবিয়া

লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির সবচেয়ে আলোচিত ছেলে সাইফুল-ইসলাম গাদ্দাফি দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে নিহত হয়েছেন। নিহত হওয়ার সময় সাইফুল-ইসলামের বয়স ছিল ৫৩ বছর। তিনি গাদ্দাফির দ্বিতীয় ছেলে। ২০১১ সাল থেকে তিনি জিনতানেই অবস্থান করছিলেন প্রথমে কারাগারে, ২০১৭ সালের পর মুক্ত অবস্থায়। এ সময় তিনি রাজনীতিতে ফেরার পরিকল্পনা করছিলেন।

সাইফ আল-গাদ্দাফির রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান ও আইনজীবী খালেদ আল-জাইদি মঙ্গলবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তার রাজনৈতিক দলের এক বিবৃতিতে বলা হয়, চার মুখোশধারী ব্যক্তি জিনতানে সাইফের বাড়িতে ঢুকে তাকে হত্যা করে। তারা এটিকে ‘গুপ্তহত্যা’ হিসেবে উল্লেখ করেছে।

লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণ-পশ্চিমে প্রায় ১৩৬ কিলোমিটার অবস্থিত জিনতান শহরে এই ঘটনা ঘটে। আলআরাবিয়াকে গাদ্দাফি পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় হামলাকারীরা সাইফুল-ইসলামের বাসভবনের বাগানে তাকে গুলি করা হয়। গুলি করার পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

জানা গেছে, বন্দুকধারীরা প্রথমে গাদ্দাফির বাড়ির নিরাপত্তা ক্যামেরাগুলো অকার্যকর করে দেয়। এরপর সংঘর্ষের একপর্যায়ে তাকে গুলি করা হয়। স্থানীয় সময় রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে তিনি নিহত হন। এই ঘটনার সুনির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে সাইফ আল-গাদ্দাফির ঘনিষ্ঠ এক সহযোগী এই ঘটনাকে সরাসরি ‘হত্যাকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছেন।

সাইফ গাদ্দাফির রাজনৈতিক উপদেষ্টা এবং ২০২০-২০২১ মেয়াদে তার রাজনৈতিক দলের সদস্য আবদুল্লাহ ওসমান ফেসবুকে এক পোস্ট দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুজাহিদ সাইফ আল-ইসলাম গাদ্দাফি এখন আল্লাহর তত্ত্বাবধানে।