ময়মনসিংহ সিটির ৮২২ কোটি টাকার বাজেট ঘোষণা

Printed Edition

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহ সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত সোমবার দুপুরে নগরের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণাসভায় এ বাজেট উপস্থাপন করেন সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন।

ঘোষিত বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৪৬ কোটি ২৭ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৬৭৬ কোটি তিন লাখ টাকা। একইসাথে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ধরা হয়েছে ৬৪৩ কোটি ৭৯ লাখ টাকা। প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭৯০ কোটি ১১ লাখ টাকা।

বাজেট উপস্থাপনকালে প্রশাসক রোকনুজ্জামান রোকন বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক নানা প্রয়োজনে দীর্ঘ দিন ধরেই পার্শ্ববর্তী জেলার মানুষ ময়মনসিংহ নগরীতে আসছেন। ফলে নগরের জনসংখ্যা ও নাগরিক সেবার চাহিদা ক্রমাগত বাড়ছে। তবে শিল্পপ্রতিষ্ঠান ও বড় বাণিজ্যিক কেন্দ্রের অভাবে স্থানীয় রাজস্ব আয় সীমিত থাকায় কেবল নিজস্ব অর্থায়নে কাক্সিক্ষত উন্নয়ন বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।

তিনি আরো বলেন, এবারের বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি। তবে করপোরেশনের নতুন সম্প্রসারিত এলাকায় উন্নয়নকাজ নিশ্চিত হওয়ার পর সেখানে কর নির্ধারণ করা হবে। এর বাইরে কোনো খাতে নতুন কর আরোপের পরিকল্পনা নেই।

বাজেট ঘোষণাসভায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, প্রধান প্রকৌশলী মো: রফিকুল ইসলাম মিয়া, পরিবহন মহাব্যবস্থাপক রাজীব উল হাসান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।