নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, নতুন বাংলাদেশে সন্ত্রাসনির্ভর রাজনীতি চলতে পারে না। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আত্মত্যাগের চেতনা সমুন্নত রাখতে নতুন করে কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে তা প্রতিরোধ করা হবে।
গতকাল বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয় দারুল খিলাফাহ মিলনায়তনে মাওলানা মামুনুল হক রচিত ‘জুলাই কেন আমাদের লড়াই?’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। তিনি বলেন, ‘জুলাইয়ের পক্ষে আমরা আপসহীন। এখানে নমনীয়তার কোনো সুযোগ নেই।’ তিনি আরো দাবি করেন, বিএনপির সাথে তাদের জোট না হওয়ার অন্যতম কারণ ছিল জুলাই ইস্যুতে দলটির অবস্থান।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, বিশিষ্ট লেখক ও গবেষক মুসা আল হাফিজ, ইতিহাসবিদ মাওলানা মনযুর আহমাদ, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।



