নয়া দিগন্ত ডেস্ক
গাইবান্ধার সাঘাটায় প্রকাশ্য দিবালোকে ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতিকে গলা কেটে হত্যা করেছে যুবদল নেতা ও তার সহযোগীরা। এ সময় সালাউদ্দিন নামে আরেক শিবিরকর্মী গুরুতর আহত হয়েছেন। রোববার বেলা পৌনে ৩টার দিকে সাঘাটা উপজেলার বোনারপাড়া চারমাথা এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সাইফুল্লাহ বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। গুরুতর আহত সালাউদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাঘাটার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে সাঘাটা উপজেলা চত্বরে স্কুলটির প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সাথে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়ার কথাকাটাকাটি হয়। সে সময় স্থানীয় নেতাদের মধ্যস্থতায় বিষয়টি তাৎক্ষণিক মীমাংসা হলে সবাই সেখান থেকে চলে যান।
এর মাত্র ১০ মিনিট পর, বোনারপাড়া-সাঘাটা সড়কের চারমাথা এলাকায় দাঁড়িয়ে ছিলেন বোনারপাড়া ইউনিয়ন শিবিরের সভাপতি সাইফুল্লাহ ও কর্মী সালাউদ্দিন। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বপরিকল্পিতভাবে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়া ও তার ছোট ভাই পলাশ, বোনারপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য রবিউল ইসলাম, যুবদল নেতা আশরাফ, মোনারুল ও জব্বারসহ ১০-১২ জন ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা প্রথমে শিবিরকর্মী সালাউদ্দিনের গলায় আঘাত করে। এ সময় ইউনিয়ন শিবির সভাপতি সাইফুল্লাহ তাকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তাকে ধাওয়া করে বোনারপাড়া ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় ফেলে প্রকাশ্যে গলায় ছুরিকাঘাত করে। পরে খুনিরা মোটরসাইকেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল্লাহকে মৃত ঘোষণা করেন।
সাঘাটা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাজেদুর রহমান সাদা অভিযোগ করে বলেন, ‘যুবদল নেতা মুকুল, তার ভাই পলাশ ও বিএনপি নেতা রবিউলসহ তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও দ্রুত বিচার দাবি করছি।’
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, ‘লাশ উদ্ধার করা হয়েছে। ঠিক কী কারণে এবং কিভাবে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে।’ ঘটনাস্থল থেকে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাউয়ুম জানান, পুলিশ এলাকায় অবস্থান করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
এ দিকে দেশের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১০টি নৃশংস হত্যাকাণ্ড, পুলিশ হেফাজতে মৃত্যু ও রহস্যজনক লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর :
চট্টগ্রামে বৈদ্যুতিক শকে ও নরসিংদীতে প্রেমিককে হত্যার পর লাশ গুম
দেশের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১০টি নৃশংস হত্যাকাণ্ড, পুলিশ হেফাজতে মৃত্যু ও রহস্যজনক লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। এর পাশাপাশি আশুলিয়ায় ১৬ বছরের এক কিশোরীকে ডেকে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ এবং ব্রাহ্মণবাড়িয়ায় সাত বছরের এক শিশুকে পাটক্ষেতে নিয়ে পাশবিক নির্যাতনচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রামে চুরির অপবাদে এক যুবককে বৈদ্যুতিক শক ও পিটিয়ে হত্যা করা হয়েছে। অন্য দিকে বরিশালে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে নামাজরত অবস্থায় আপন ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই।
নরসিংদীতে প্রেমিককে হত্যার পর লাশ গুমের চেষ্টার অভিযোগে প্রেমিকাসহ চারজনকে আটক করা হয়েছে। এ ছাড়া ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে এক আইন ছাত্রের মৃত্যুর গুরুতর অভিযোগ উঠেছে। এ ছাড়া বিভিন্ন স্থানে বাঁওড় পাহারাদারের গলাকাটা লাশসহ চারটি ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। একের পর এক এসব নৃশংস ঘটনায় জনমনে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর :
পিটিয়ে ও বৈদ্যুতিক শকে হত্যা
চট্টগ্রাম ব্যুরো জানিয়েছে, নগরের কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় চুরির অভিযোগে মো: জয়নাল (২৭) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে রেলওয়ে পাবলিক হাইস্কুলে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত জয়নাল ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া ছোট মসজিদ এলাকার মোহাম্মদ দুলালের ছেলে।
স্কুলের দারোয়ান আজাদ ও সমীর দাশের দাবি, জয়নাল প্রধান শিক্ষকের কক্ষের জানালার গ্লাস খুলে গ্রিল দিয়ে কম্পিউটার চুরির চেষ্টা করছিলেন এবং তারা তাকে হাতেনাতে ধরেন। এরপরই জয়নালকে নির্মমভাবে মারধর করে স্কুলের মূল ফটকের সামনে ফেলে রাখা হয়। স্থানীয়দের অভিযোগ, মারধরের পাশাপাশি তাকে বৈদ্যুতিক শক দেয়া হয়েছিল এবং মৃত্যুর আগে পানি পান করতে চাইলেও দেয়া হয়নি। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করতে গেলে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি অবরুদ্ধ করে রাখে। নিহতের মা ছেনোয়ারা বেগমের দাবি, জয়নালকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি আবু জায়েদ মো: নাজমুন নুর জানান, জড়িত সন্দেহে স্কুলের দুই প্রহরী আজাদ ও সমীরকে আটক করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
প্রেমিককে হত্যার পর লাশ গুমের চেষ্টা
নরসিংদী প্রতিনিধি জানান, জেলার রায়পুরায় এসএসসি পরীক্ষার্থী ওয়ালিদ হাসান (১৮)-কে হত্যার পর লাশ কাপড়ে মুড়িয়ে গুম করার চেষ্টার অভিযোগে প্রেমিকা ও তার পরিবারের চার সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর এলাকায় প্রেমিকার বাড়ির পেছন থেকে কাপড়ে মোড়ানো লাশটি উদ্ধার করা হয়। নিহত ওয়ালিদ রায়পুরা পৌর এলাকার কান্দাপাড়ার আব্দুল হাইয়ের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, জাকির মিয়ার মেয়ে প্রাণা আক্তারের সাথে ওয়ালিদের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি প্রাণার বিয়ে এক প্রবাসীর সাথে হলেও সে ওয়ালিদের সাথে যোগাযোগ রাখছিল। গত বৃহস্পতিবার থেকে ওয়ালিদ নিখোঁজ ছিলেন। শনিবার রাতে প্রাণাদের বাড়ির পেছনে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে ওয়ালিদের ছোট ভাই রোমানসহ স্থানীয়রা সেখানে গিয়ে প্রাণা, তার মা ও বোনদের কাপড়ে পেঁচানো কিছু একটা সরাতে দেখেন। পরে তল্লাশি চালিয়ে ওয়ালিদের লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে প্রাণার বাবা জাকির মিয়া পলাতক। রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান জানান, প্রেমিকা প্রাণা আক্তার, তার মা ফরিদা বেগম ও ছোট বোন মিন্নি আক্তারসহ চারজনকে আটক করা হয়েছে। রোববার দুপুরে উত্তেজিত জনতা ওই বাড়িতে ভাঙচুর চালায়।
ছোট ভাইকে কুপিয়ে হত্যা
মুলাদী (বরিশাল) সংবাদদাতা জানিয়েছেন, জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আন্দারমানিক ইউনিয়নের কাঞ্চন সরদার বাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই হারুন সরদারের কোপে ছোট ভাই মো: নজরুল সরদার (৪৫) খুন হয়েছেন। গতকাল রোববার জোহর নামাজ পড়া অবস্থায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, জমিজমার ভাগবাটোয়ারা নিয়ে বড় ভাই হারুন সরদারের সাথে চতুর্থ ভাই মজিবুর সরদারের বিরোধ চলছিল। তৃতীয় ভাই সৌদি প্রবাসী নজরুল সরদার চতুর্থ ভাইয়ের পক্ষে কথা বলায় ক্ষিপ্ত হয়ে বড় ভাই হারুন সরদার নামাজরত অবস্থায় নজরুলকে পেটে ও শরীরে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। তার চিৎকারে স্বজনরা উদ্ধার করে দ্রুত মুলাদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নজরুল সরদারের ২০ জুন সৌদি আরব যাওয়ার কথা থাকলেও স্ত্রীর অনুরোধে থেকে গিয়েছিলেন। কাজিরহাট থানার ওসি মো: সিদ্দিকুর রহমান জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
ডিবি হেফাজতে ছাত্রের মৃত্যুর অভিযোগ
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা জানান, ফরিদপুরে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশের হেফাজতে মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত প্রান্ত মধুখালী উপজেলার গোন্দারদিয়া গ্রামের মির্জা ইসকান্দার হায়দারের ছেলে এবং ফরিদপুর আইন কলেজের ছাত্র ছিলেন।
পরিবারের দাবি, শনিবার বিকেলে প্রান্তকে তার বাড়ির কাছ থেকে ডিবি পুলিশের একটি দল মাদক থাকার কথা বলে আটক করে ফরিদপুরে নিয়ে আসে। নিহতের মা মির্জা খাদিজা আক্তার নিপার অভিযোগ, প্রান্তকে বেধড়ক মারধর করে হত্যা করা হয়েছে এবং তিনি এর ন্যায়বিচার চান। তবে ফরিদপুরের পুলিশ সুপার মো: নজরুল ইসলাম জানান, মাদকসহ আটকের পর সকালে প্রান্ত অসুস্থ বোধ করলে হাসপাতালে নেয়া হয় এবং সেখানে তার মৃত্যু হয়। প্রান্তর শরীরে আঘাতের চিহ্ন নেই এবং তার বিরুদ্ধে মাদক আইনে দু’টি মামলা রয়েছে বলে জানান তিনি।
পাহারাদারের গলাকাটা লাশ উদ্ধার
চৌগাছা (যশোর) সংবাদদাতা জানান, চৌগাছায় আতিয়ার রহমান (৪০) নামে এক বাঁওড় পাহারাদারের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে চৌগাছা সদর ইউনিয়নের লস্কারপুর গ্রামের একটি খালের কচুরিপানার নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আতিয়ার লস্কারপুর গ্রামের সবেদ আলীর ছেলে। তিনি শারীরিকভাবে কিছুটা প্রতিবন্ধী ছিলেন এবং বেড়গোবিন্দপুর বাঁওড়ের পাহারাদারের পাশাপাশি কৃষিকাজ করতেন। শনিবার সকালে কাজে বেরিয়ে তিনি আর বাড়ি ফেরেননি। লাশের গলা কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
কিশোরীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ
আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা জানিয়েছেন, ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় ১৬ বছরের এক কিশোরীকে ডেকে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া প্রাইমারি স্কুল সংলগ্ন সিফাতের ভাড়াবাসায় এই ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন- সিফাত (১৮), মমিন শেখ (১৮) এবং মো: সুমন শেখ (১৮)। পুলিশ জানায়, পূর্বপরিচয়ের সূত্র ধরে মমিন ওই কিশোরীকে সিফাতের বাসায় নিয়ে যায় এবং সেখানে তিনজন মিলে তাকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করে। জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাশেদের নেতৃত্বে রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। আশুলিয়া থানার ওসি মো: তরিকুল ইসলাম জানান, মোবাইল ফোন ও তথ্য-প্রমাণ লুকিয়ে পালিয়ে যাওয়া অপর অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেফতারে অভিযান চলছে।
শিশুকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণচেষ্টা
ব্রাহ্মণাবাড়িয়া প্রতিনিধি জানান, জেলার নাসিরনগর উপজেলায় সাত বছর বয়সী প্রথম শ্রেণীর এক স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে বুড়িশ্বর ইউনিয়নের আলাকপুর গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত পান্না সরকার (১৮) ওই গ্রামের মৃণাল সরকারের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রির সহযোগী।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি শনিপূজা দেখতে যাওয়ার পথে নির্জন রাস্তা থেকে পান্না সরকার তাকে জোর করে আলাকপুর লালমোহন সরকার প্রাইমারি স্কুলের পাশের একটি পাটক্ষেতে নিয়ে নির্যাতন করে। রাতে শিশুটিকে গুরুতর অবস্থায় প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। নাসিরনগর থানার ওসি মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে এবং মামলার প্রস্তুতি চলছে।
চার যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা জানান, উপজেলার চরযোশোরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামে সাবেক স্ত্রীর বাড়ি থেকে কারিম মুন্সী (৪২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রী মাহমুদা তালাক দেয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শনিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলার ৩০ নম্বর পাটগাতি মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎকান্তি রায় (৫৫)-এর জুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে দাড়িয়ারকুল গ্রামে নিজ বাড়ির আঙিনায় একটি কামরাঙ্গাগাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের সুরতহাল অনুযায়ী, ঋণের চাপে তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা জানান, উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর গ্রামে নিখোঁজের দুই দিন পর সজীব বেপারী (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ রোববার সকালে একটি বাঁশঝাড় থেকে উদ্ধার করা হয়েছে। তিনি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। শিবচর থানার ওসি মো: কামাল হোসেন জানান, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা জানান, উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনীয়া মণ্ডলপাড়া এলাকার একটি ভাড়াবাসার কক্ষ থেকে শনিবার রাতে আকাশ নামে এক সবজি ব্যবসায়ীর ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এটি আত্মহত্যা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।



