নিজস্ব প্রতিবেদক
বীমা খাতে দীর্ঘদিন ধরে আটকে থাকা বৈধ দাবি পরিশোধে দ্বিতীয় দফায় বড় পদক্ষেপ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগামীকাল সোমবার পাঁচটি জীবন বীমা কোম্পানির পাঁচ হাজার ৮৬৮ জন পলিসিধারীকে মোট ২৩ কোটি তিন লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা পরিশোধ করা হবে। দুর্বল কোম্পানিগুলোর সম্পদ ও সিকিউরিটি বন্ড থেকে অর্থের সংস্থান করে আইডিআরএর সরাসরি তদারকিতে এই পাওনা মেটানো হচ্ছে।
আইডিআরএ সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফায় সবচেয়ে বেশি পাওনা মেটানো হচ্ছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের; প্রতিষ্ঠানটির তিন হাজার ৬০০ জন গ্রাহক পাবেন প্রায় ১২ কোটি টাকা।
এ ছাড়া হোমল্যান্ড লাইফের এক হাজার ১৪৫ জন গ্রাহক চার কোটি ৯৮ লাখ টাকা, ফারইস্ট ইসলামী লাইফের ৫৮০ জন গ্রাহক পাঁচ কোটি টাকা, সানফ্লাওয়ার লাইফের ৩০০ জন ৫৫ লাখ ৩০ হাজার টাকা এবং সানলাইফ ইন্স্যুরেন্সের ২৪৩ জন গ্রাহক ৫০ লাখ ১৮ হাজার টাকা পাবেন।
এর আগে গত ৩ সেপ্টেম্বর প্রথম দফায় সাতটি জীবন বীমা কোম্পানির দুই হাজার ৫৪৯ জন পলিসিধারীর ১৪ কোটি ৫১ লাখ টাকা পরিশোধ করা হয়। দুই দফা মিলিয়ে আট হাজার ৪১৭ জন গ্রাহকের ৩৭ কোটি ৫৪ লাখ টাকার পাওনা নিষ্পত্তির আওতায় এলো।
আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে বীমা খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও গ্রাহকের আস্থা পুনর্গঠনে এ কার্যক্রম শুরু হয়েছে। সংস্থাটি জানিয়েছে, অবশিষ্ট বৈধ দাবিগুলো যাচাই-বাছাইসাপেক্ষে পর্যায়ক্রমে পরিশোধ প্রক্রিয়া অব্যাহত থাকবে।
তবে খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, কেবল কয়েক দফায় অর্থ পরিশোধ করে আস্থার সঙ্কট কাটবে না। ভবিষ্যতে দাবি আটকে থাকা রোধে কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা ও প্রিমিয়াম বিনিয়োগের ওপর নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারি এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে পাওনা পরিশোধ নিশ্চিত করা জরুরি।



