রাজশাহী ব্যুরো
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ উপহার হিসেবে প্রদত্ত আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এক হাজার ২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে অনুদানের অর্থ তুলে দেন (রাসিক) প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন। রাসিকের এক হাজার ২৩৭ জন পরিচ্ছন্নকর্মীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ৬১ লাখ ৮৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে রাজশাহীবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন রাসিক প্রশাসক।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে খুশি ও উচ্ছ্বসিত রাজশাহী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। পরিচ্ছন্নতাকর্মী সোনালী, ছাবেরা ও কহিনূর বেওয়া বলেন, প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে আমরা অনেক আনন্দিত। কতটা খুশি হয়েছি, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। টাকাগুলো দিয়ে পরিবারের জন্য ঈদের বাজার করা, ছেলেমেয়ে, নাতি-নাতনীর জন্য জামাকাপড় কিনতে পারবো।
পরিচ্ছন্নতাকর্মী রুমন আলী বলেন, ঈদের আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার পেয়ে খুব ভালো লাগছে। এতে আমাদের পরিবারের ঈদের খুশি আরো বেড়ে গেল। আমরা প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পরিচ্ছন্নতাকর্মী হাশেম আলী বলেন, আমি ১৫ বছর ধরে চাকরি করছি। বিগত সময়ে আমরা কখনো এভাবে ঈদ উপহার পাইনি। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের গত ঈদুল ফিতরে এবং এবার ঈদ উপহারের যে অর্থ প্রদান করলেন, এতে সংসারের প্রয়োজন মেটাতে পারবো, বাচ্চাদের জন্য জামাকাপড় কিনতে পারবো। এ আনন্দের সীমা নেই।
পরিচ্ছন্নতাকর্মী মো: সাইফুল ইসলাম বলেন, এই সহায়তা শুধু অর্থ নয়, আমাদের কাজের স্বীকৃতি। আমরা চেষ্টা করি নগরবাসীকে পরিচ্ছন্ন পরিবেশ উপহার দিতে। এই সম্মান ও সহযোগিতা আমাদের আরো অনুপ্রাণিত করবে। আমাদের প্রশাসকের নেতৃত্বে আমরা দ্রুত সময়ে কোরবানির সব বর্জ্য অপসারণ করবো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো: মামুন। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাসিকের সচিব সোহেল রানা, এক্সিকিউটিভি ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, জয়নাল আবেদীন শিবলী, মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু প্রমুখ। সঞ্চালনা করেন রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা, রাসিকের অন্যান্য শাখার কর্মকর্তা, ওয়ার্ড সচিব, পরিচ্ছন্ন বিভাগের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



