নয়া দিগন্ত ডেস্ক
চুয়াডাঙ্গার দর্শনায় চাঁদা না দেওয়ায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী রফিকুল ইসলামের অফিস ও বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। অন্য দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় স্বর্ণালঙ্কার ও টাকাসহ ১০ লাখ টাকার বেশি মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, দর্শনায় গত শুক্রবার জুমার নামাজের পর রফিকুল ইসলামের অফিসে একদল লোক হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ করেছেন তিনি। তার দাবি, হামলাকারীরা অফিস থেকে ২৩ লাখ ৩০ হাজার টাকা ও তার স্বাক্ষর করা দু’টি ব্যাংক চেক নিয়ে গেছে। এ সময় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, ফটোকপি মেশিন ও আসবাবপত্রসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রফিকুল ইসলামের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র তার কাছে চাঁদা দাবি করে আসছিল। সর্বশেষ ঘটনার আগের রাতে তাকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে ফোন করা হয়। টাকা না দিলে অফিসে হামলার হুমকিও দেয়া হয়।
তবে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, দর্শনা থানা যুবদলের সদস্য রকিবুল ইসলাম রাইট ও সিঅ্যান্ডএফ ব্যবসায়ী মোহাম্মদ রায়হান তা অস্বীকার করেছেন। রকিবুল বলেন, তাদের কেউ রফিকুল ইসলামের অফিসে হামলা করেননি। রায়হানও তার বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাইল্লাবো এলাকায় ব্যবসায়ী হাজী আব্দুর রশিদ মিয়ার বাড়িতে গত শুক্রবার ভোরে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও পরিবারের ভাষ্য অনুযায়ী, ৮-১০ জনের মুখোশধারী ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি ভেঙে চার ভরি স্বর্ণালঙ্কার ও চার লাখ টাকা নিয়ে যায়। লুট হওয়া মালামালের মোট মূল্য ১০ লাখ টাকার বেশি বলে পরিবারের দাবি।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ডাকাতদের গ্রেফতার ও লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।



