রাজপথে মৃত্যুর হানা

ধামরাইয়ে দুই বন্ধুসহ বিভিন্ন স্থানে নিহত ৭

অবসরে যাওয়া হলো না মুরাদের

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সড়ক দুর্ঘটনায় ধামরাইয়ে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুসহ বিভিন্ন স্থানে সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে সিলেটে নিহত হয়েছেন মুরাদ আহমদ নামে এক শিক্ষক। তিন মাস পর চাকরি থেকে তার অবসরে যাওয়ার কথা ছিল।

সিলেট ব্যুরো জানায়, বেতনের চেক হাতে নিয়ে ব্যাংকে যাওয়ার উদ্দেশে বিদ্যালয় থেকে বেরিয়েছিলেন। আর মাত্র তিন মাস পরই চাকরি থেকে অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু অবসরের আগেই সড়ক দুর্ঘটনায় চিরবিদায় নিতে হলো ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ আহমদকে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর মিরের ময়দান এলাকায় ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজের পাশের সড়কে, বাংলাদেশ বেতারের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাদের আরেক বন্ধু। বুধবার ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের আইঙ্গন ব্রিজের উত্তর পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুন্ড গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মাহিম (১৬) এবং রুবেল হোসেনের ছেলে অনিক (১৭)। আহত আতাউল্লাহ (২০) একই গ্রামের বাসিন্দা। মাহিম সাভারের একটি স্কুলে এবং অনিক ধামরাইয়ের একটি স্কুলে নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, সুনামগঞ্জের ছাতক উপজেলায় সড়ক দুর্ঘটনায় মহাসড়কের পাশে পার্কিং করে রাখা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালকসহ আরো চারজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোররাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাতুয়া গ্রামের মুসাব্বির মিয়ার বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দোয়ারাবাজার উপজেলার কল্যাণপুর গ্রামের বাসিন্দা রজব আলী (৫০) এবং ছাতক উপজেলার জটি গ্রামের বাসিন্দা মো: নুর উদ্দিন (৩৫)। দুর্ঘটনায় সিএনজিচালকসহ আরো চারজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলের কালিয়া উপজেলার হাঁড়িডাঙ্গা এলাকায় নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে চালক রাহুল মুসল্লি (২৭) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কালিয়া-বড়দিয়া সড়কের হাঁড়িডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহুল কালিয়ার সালামাবাদ ইউনিয়নের জয়পুর গ্রামের বাবলু মুসল্লির ছেলে। রাহুল খালি নসিমন নিয়ে বাকা গ্রাম থেকে কালিয়ার দিকে যাচ্ছিলেন।

রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক মাদরাসা শিক্ষক নিহত ও চারজন আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। গত বুধবার রাত ৯টায় কাপ্তাই সড়কের পৌরসভা সৈয়দবাড়ি হরিণগেট ও গতকাল বৃহস্পতিবার বিকাল তিনটায় চন্দ্রঘোনা মহাজন বটতল এলাকায় এই পৃথক ঘটনা ঘটেছে।

এ দিকে গতকাল কাপ্তাই সড়কের উপজেলার চন্দ্রঘোনা মহাজন বটতল আল হেরা মহিলা মাদরাসার সামনে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী দু’জন ছিটকে পড়ে আহত হয়েছে।

আহতরা হলেন চন্দ্রঘোনা হাফেজপাড়ার জসিম উদ্দিনের পুত্র মো: সাব্বির (২৩), খোরশদ আলমের ছেলে মিনহাজ (১৮)। আহতদের উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটাল পরে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে নেয়া হয়েছে।