অর্থনৈতিক উন্নয়নে উচ্চপর্যায়ে কমিটি ও টাস্কফোর্স গঠন

Printed Edition

বিশেষ সংবাদদাতা

দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসার পরিবেশ সহজীকরণের জন্য একটি কমিটি ও একটি টাস্কফোর্স গঠন করেছে সরকার। প্রথমটি করা হয়েছে ‘ক্রিয়েটিভ অর্থনীতিবিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’। অন্যটি হচ্ছে- বিনিয়ন্ত্রণ ও ব্যবসা সহজ করতে জাতীয় টাস্কফোর্স।

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতিবিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ গঠন করা হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে ২৭ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

কমিটিতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী, শিল্প, বাণিজ্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সদস্য করা হয়েছে। এ ছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এবং তথ্য ও সম্প্রচার ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটিতে রয়েছেন।

অর্থ, তথ্য ও সম্প্রচার, যুব ও ক্রীড়া, সংস্কৃতিবিষয়ক, শিল্প, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, মহিলা ও শিশুবিষয়ক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবরাও কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান, ব্র্যাক, এইচএসবিসি বাংলাদেশ, বেঙ্গল ফাউন্ডেশন এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির প্রতিনিধিদের সদস্য করা হয়েছে। উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার ও মডেল বিবি রাসেলকে সেক্টর স্পেশালিস্ট হিসেবে রাখা হয়েছে। আরো একজন সেক্টর স্পেশালিস্ট এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (সামষ্টিক ও টিডিএম) সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিনিয়ন্ত্রণ ও ব্যবসা সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন

বিনিয়ন্ত্রণ ও ব্যবসা সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন করেছে সরকার। এটি ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে অপ্রয়োজনীয় নিয়ম, অনুমোদন ও প্রশাসনিক জটিলতা চিহ্নিত করে তা সহজ করার উদ্যোগ নেবে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সভাপতিত্বে ২২ সদস্যের এ টাস্কফোর্স গঠন করে গত রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

টাস্কফোর্সে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; শিল্প ও বাণিজ্য; আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পাশাপাশি অর্থ ও পরিকল্পনা; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টারা সদস্য হিসেবে রয়েছেন। এ ছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান, বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা সদস্য হিসেবে থাকবেন।

ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিদেরও টাস্কফোর্সে রাখা হয়েছে। এর মধ্যে এফবিসিসিআই, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিজিএমইএ ও বিকেএমইএর সভাপতি রয়েছেন। অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (সামষ্টিক ও টিডিএম) সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।