রাজশাহী ব্যুরো
রাজশাহী নগরীর কর্ণহার থানার বিল ধরমপুর গ্রামের শিশু আদিব আহনাফ (১১) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ১৪ বছর বয়সী এক কিশোরকে হেফাজতে নিয়েছে। সোমবার আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে ওই কিশোর জানিয়েছে, প্রেমের সম্পর্ক প্রকাশ হয়ে যাওয়ার ক্ষোভ থেকে আদিবকে হত্যা করেছে সে। গতকাল আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ১ মার্চ রাতে আদিব আহনাফ তারাবির নামাজ আদায়ের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন সকালে বিল ধরমপুর কৈচাপুকুর এলাকায় বাবার ঘাসক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ও গলায় একটি বেল্ট পেঁচানো ছিল। এ নিয়ে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করা হয়।



