আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
শিল্পাঞ্চল আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) কোম্পানির তামাক সংরক্ষণাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। তামাকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে টানা সাড়ে পাঁচ ঘণ্টা লড়াই করতে হয়েছে। শেষ পর্যন্ত দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস সদস্যরা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকার বিএটির একটি তামাকের গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। কাছে গিয়ে তারা আগুনের বিষয়টি নিশ্চিত হয়ে গোডাউনের দায়িত্বশীলদের পাশাপাশি ফায়ার সার্ভিসকে জানান।
খবর পেয়ে প্রথমে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস থেকে দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। তবে তামাকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় পরে আরো দু’টি ইউনিট এবং ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। পরে ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট সহায়তার জন্য পৌঁছালেও আগুনের তীব্রতা কমে আসায় তাদের কাজে অংশ নিতে হয়নি। আগুন নেভানোর কাজে শিল্প পুলিশের সদস্যরাও সহযোগিতা করেন। দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ দিকে আগুনের ঘটনায় কারখানা কর্তৃপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।
তবে, ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে জিরাবো মডার্ন ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরো জানান, গোডাউনে বিপুল পরিমাণ তামাক মজুদ ছিল। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।



