নয়া দিগন্ত ডেস্ক
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম সারির যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদে তাৎক্ষণিকভাবে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজপথে নামেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। গতকাল শুক্রবার বাদজুমা প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে জেলায় জেলায় মিছিল সমাবেশ অবরোধসহ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া কয়েকটি স্থানে পুলিশ কার্যালয় ঘেরাও এবং অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
ঝালকাঠি প্রতিনিধি জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি দিয়ে হত্যার প্রতিবাদে নিজ জেলা ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। শুক্রবার দুপুর আড়াইটা থেকে অবরোধ শুরু হয়। শহরের কলেজ মোড় এলাকায় বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে এ অবরোধ করা হয়। কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাসহ শিক্ষার্থী-জনতা অংশ নেন।
এ সময় রাস্তায় বিপুলসংখ্যক যানবাহন আটকে পড়ে। শুধুমাত্র রোগীবাহী অ্যাম্বুলেন্স, ফায়ারসার্ভিস, জরুরি ওষুধ ও নিত্যপণের কাঁচামাল অবরোধমুক্ত রাখা হয়েছে।
এ সময় এনসিপির ঝালকাঠি জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন, যুগ্ম আহ্বায় ইয়াসিন ফেরদৌস ইফতি, সদস্যসচিব রাইয়ান বিন কামাল, গণ অধিকার পরিষদ ঝালকাঠি জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝালকাঠি-২ আসনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী মাহমুদুল ইসলাম সাগর প্রমুখ বক্তব্য রাখেন।
এ দিকে ওসমান বিন হাদির মৃত্যুর খবর শুনে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহলের বাসায় আত্মীয়স্বজনরা ছুটে আসেন। হাদির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। নলছিটিতে লাশ কখন নিয়ে আসা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। হাদির মৃত্যুর ঘটনায় জাড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছেন তার প্রতিবেশীরা। ওসমান হাদির বাসায় বর্তমানে তার বোন মাছুমা সুলতানা বিন হাদি ও ভগ্নিপতি আমির হোসেন আছেন। এলাকাবাসীর দাবি হাদির লাশ যেন নলছিটিতে এনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বান্দরবানে ঘেরাও, আগুন
বান্দরবান প্রতিনিধি জানান, হাদি, হত্যার বিচারের দাবিতে বান্দরবানে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সকালে পুলিশ সুপারের কার্যালয় ও থানা ঘেরাও করে। তারা সেখানে অবস্থান করে প্রতিবাদ সমাবেশ করেন। পরে তারা রাস্তায় অবস্থান করে গাড়ি চলাচল বন্ধ করেন। এ সময় নিরাপত্তায় সেখানে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। এ ছাড়া শহরের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের সমন্বয়ক মো: আসিফ ইকবাল, লুক চাকমা প্রমুখ। বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা ট্রাফিক মোড়ে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। সেখান থেকে মিছিল নিয়ে গিয়ে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসায় অগ্নিসংযোগ করেন। আগুনে বীর বাহাদুরের বাসা ও তার ব্যক্তিগত কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বিক্ষোভোর সময় বীর বাহাদুর তার বাসা থেকে সরে যান। পরে সেনাবাহিনী, পুলিশ, দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার মোস্তফাপুরে জড়ো হন তারা। পরে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করা হয়। এতে রাজধানী ঢাকার সাথে বরিশাল বিভাগসহ মাদারীপুর জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়।
কুষ্টিয়ায় ভাঙচুর ও বিক্ষোভ
কুষ্টিয়া প্রতিনিধি জানান, বৃহস্পতিবার গভীর রাতে প্রথম আলো কুষ্টিয়ার আঞ্চলিক অফিসে ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহীন কমিশনার, মানব চাকীসহ বিভিন্ন নেতার বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। রাতে শহরের মজমপুরগেটে টায়ারে অগ্নিসংযোগ করে সড়কে চলাচল বন্ধ করে দেয় বলে জানা যায়।
গাজীপুরজুড়ে বিক্ষোভ, অবরোধ
গাজীপুর জেলা প্রতিনিধি জানান, হাদিকে হত্যার প্রতিবাদে গাজীপুরজুড়ে বিক্ষোভ হয়েছে। বিক্ষুব্ধরা জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও সমাবেশ করেছে। শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, জুলাই-৩৬ মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাসহ এলাকাবাসী এসব কর্মসূচি পালন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
জুমার নামাজের পর গাজীপুরের চান্দনা চৌরাস্তা, শিববাড়ি মোড়, ডুয়েট এলাকায়, কালিয়াকৈরের চন্দ্রা, সফিপুর, কোনাবাড়ি, টঙ্গী কলেজগেটসহ বিভিন্ন এলাকায় জুলাই যোদ্ধারাসহ সাধারণ শিক্ষার্থী, মুসল্লি ও বিভিন্ন দলের কর্মীরা বিক্ষোভ মিছিল করছেন।
এ ছাড়া বাদ জুমা গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে সর্বস্তরের তৌহিদি জনতার উদ্যোগে শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ১০টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ শুরু করেন এনসিপির নেতাকর্মীরা। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ ও গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক কিছু সময়ের জন্য অবরোধ করেন।
টঙ্গীতে মহাসড়ক অবরোধ
গাজীপুর মহানগরী প্রতিনিধি জানান, গাজীপুর মহানগরীর টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন এনসিপি নেতাকর্মীসহ বিক্ষুব্ধ ছাত্র ও সাধারণ মানুষ।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর দুপুর আনুমানিক ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত টঙ্গীর কলেজগেট ও সফিউদ্দিন রোড সংলগ্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দেড় ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।
রংপুর ব্যুরো জানায়, বৃহস্পতিবার রাত ১টায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জাহিদ হাসান জয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রহমত আলী, আশিকুর রহমান, শামসুর রহমান সুমন, মোহাম্মদ ইয়ামিন প্রমুখ।
এর আগে রাত সোয়া ১১টার দিকে হলগুলো থেকে শিক্ষার্থীরা বের হয়ে মিডিয়া চত্বরে এসে জমা হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা।
রাত সাড়ে ১২টা পর্যন্ত শাপলা চত্বর অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন তারা। এ সময় সেখানেও বক্তব্য রাখেন শিক্ষার্থীদের কয়েকজন। পরে আবারো বিক্ষোভ নিয়ে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হয় শিক্ষার্থীরা। পথে খামার মোড়ে দুটি লাঙ্গল প্রতীক গুঁড়িয়ে দেয় বিক্ষোভকারীরা।
বগুড়ায় অবরোধ, সমাবেশ
বগুড়া অফিস জানায়, গত বৃহস্পতিবার মধ্যরাতে ইনকিলাব মঞ্চ ও জুলাই যোদ্ধারা বগুড়া ঢাকা মহাসড়কের বনানী মোড়ে অবরোধ ও টায়ার জালিয়ে বিক্ষোভ করেন। গতকাল শুক্রবার বাদ জুমা শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসিজেদ বিশেষ দোয়া করা হয়। এ ছাড়া কেন্দ্রীয় বড় মসজিদসহ জেলার প্রতিটি মসজিদে দোয়া ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করেন অমুসলিমরা। বাদ জুমা বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল করেন সর্বস্তরের মানুষ। মিছিল শেষে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় জুলাই স্মৃতিসৌধের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা
চুয়াডাঙ্গা প্রতিনিধি : জানান, চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর চুয়াডাঙ্গা চৌরাস্তার মোড়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করা হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা সভাপতি হাসানুজ্জামান সজীব, জেলা সেক্রেটারি তুষার ইমরান সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গার মুখ্য সংগঠক সজিবুল ইসলাম, সদর উপজেলা সদস্যসচিব ফাহিম উদ্দিন মভিন, ওয়ারিয়র্স অব জুলাই চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক মাহফুজ হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলার সভাপতি সাগর আহাম্মেদ, আপ বাংলাদেশ চুয়াডাঙ্গার সভাপতি স্বপন এবং ডাকসু হল সংসদের পাঠচক্র বিষয়ক সম্পাদক ওয়াসির আল মাস্তুর।
সিলেটে গভীর রাতে বিক্ষোভ : সিলেট ব্যুরো জানায়, ওসমান হাদির শাহাদতের খবরে সিলেটে গভীর রাত পর্যন্ত ব্যাপক বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টা থেকে নগরীর চৌহাট্টা পয়েন্টে জড়ো হয়ে ছাত্র-জনতা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। রাত ২টা পর্যন্ত বিক্ষোভে উত্তাল থাকে নগরী। বিক্ষোভকারীরা চৌহাট্টা থেকে মিছিল নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে আবার চৌহাট্টায় ফিরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালান।
ফরিদপুরে অবস্থান কর্মসূচি : ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরে অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। শুক্রবার বেলা ১১টা থেকে পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ, সদস্যসচিব সোহেল রানা, শাহ আরাফাত, জিহাদ ইসলাম রতœ প্রমুখ বক্তব্য দেন।
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল : পটুয়াখালী প্রতিনিধি জানান, বাদ জুমা পটুয়াখালী পৌর শহরের ঝাউতলার হৃদয় তরুয়া চত্বরে পটুয়াখালী সর্বদলীয় জুলাই ঐক্যর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পটুয়াখালী সর্বদলীয় জুলাই ঐক্যর সভাপতি আব্দুল্লাহ আন নাহিয়ান, পটুয়াখালী সর্বদলীয় জুলাই ঐক্যের সমন্বয়ক আতিকুর রহমান, জেলা গণ অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, এনসিপির যুগ্ম সমন্বয়কারী বশির আহমেদ, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মো: মিরাজ ইমতিয়াজ, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল ইসলাম নূর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তোফাজ্জল হোসেন প্রমুখ।
কিশোরগঞ্জে রাজপথে হাজারো মানুষ : কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, ওসমান হাদির শাহাদতের খবরে কিশোরগঞ্জে রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর শোক ও বিক্ষোভ মিছিল বের হয়। শহরের ঐতিহাসিক শহীদি মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
নেত্রকোনায় বিক্ষোভ : নেত্রকোনা প্রতিনিধি জানান, বাদ জুমা স্থানীয় বড় বাজার মসজিদের সামনে থেকে খেলাফত আন্দোলনের সহকারী মহাসচিব গাজী আব্দুর রহিমের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হলের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তাগণ হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়। বৃহস্পতিবার রাতে খেলাফত আন্দোলন শহরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করে।
ইউটিএফের শোক ও দ্রুত তদন্তের দাবি
গাজীপুর মহানগর প্রতিনিধি জানান, রাজধানীতে প্রকাশ্য দিবালোকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যা করার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)।
গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউটিএফের আহ্বায়ক প্রফেসর ড. সিরাজুল ইসলাম ও সদস্যসচিব ড. শামীম হামিদী বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এ ধরনের নৃশংস হামলা দেশের আইনশৃঙ্খলা এবং নিরাপত্তার ওপর গভীর প্রশ্ন তোলে। খুনিরা সীমান্ত পাড়ি দিয়ে আশ্রয় নেয়া, সন্ত্রাস উস্কে দেয়া এবং রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অংশ হিসেবে এ হামলা নির্বাচন বানচালের অপকৌশল।



