ভাষাসৈনিক, সাংবাদিক এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক সহকারী সম্পাদক মরহুম হাসান ইকবালের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বড়বাগ জামে মসজিদ, মিরপুর-২, ঢাকায় (মিরপুর থানার পেছনে) বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সহকর্মী, বন্ধুবান্ধব, গুণগ্রাহী এবং আত্মীয়স্বজনসহ সবাইকে ওই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
মরহুম হাসান ইকবাল দৈনিক ইত্তেফাকের বার্তা ও সম্পাদকীয় বিভাগে প্রায় ৪৮ বছর একটানা সাংবাদিকতা করেন। তিনি দৈনিক ইত্তেফাকে ‘দিক-দিগন্ত’ নামে নিয়মিত উপসম্পাদকীয় কলাম লিখতেন। ‘৫২ সালের ভাষা আন্দোলনের পর একুশে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে পালনের জন্য সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদে যে সিদ্ধান্ত গৃহীত হয়, তমদ্দুন মজলিসের পক্ষ থেকে মরহুম হাসান ইকবাল তার প্রস্তাবক ছিলেন। এ ছাড়াও তিনি মিরপুর বাংলা কলেজ ও আবুজর গিফারী কলেজ বাস্তবায়নকালীন প্রস্তুতি কমিটির সদস্য ছিলেন।
সাংবাদিক হাসান ইকবাল রচিত ও অনুবাদিত গ্রন্থের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান, আল-হামরা, বিজ্ঞানের দিকপাল, ক্ষুদে কারিগরের কারখানা, ইসলাম ও আধুনিক চিন্তাধারা এবং দিক দিগন্ত প্রভৃতি উল্লেখযোগ্য। বিজ্ঞপ্তি।


