আবুল কালাম আজাদ শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় ড্রেন পরিষ্কারের কাজ চললেও অপসারিত ময়লা-আবর্জনা দ্রুত সরিয়ে না নেয়ায় সড়কে সৃষ্টি হয়েছে কাদা, দুর্গন্ধ ও জনভোগান্তি। বিশেষ করে মাওনা উড়ালসড়কের নিচের অংশে ড্রেন থেকে তোলা বর্জ্য রাস্তার পাশে স্তূপ করে রাখায় চলাচলে দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
সরেজমিন দেখা যায়, ড্রেন পরিষ্কারের পর মাটি, পলিথিন, পচা আবর্জনাসহ বিভিন্ন বর্জ্য সড়কের পাশে ফেলে রাখা হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব বর্জ্য পানির সাথে মিশে সড়কে ছড়িয়ে পড়ছে। ফলে সড়কের বিভিন্ন স্থানে কাদা, গর্ত ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পথচারীদের কাদা মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। রিকশা, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচলের সময় কাদা ছিটকে যাত্রী ও পথচারীদের গায়ে পড়ছে। এতে শিশু, নারী, বয়স্ক ব্যক্তি এবং শিক্ষার্থীরা বেশি দুর্ভোগে পড়ছেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ড্রেন পরিষ্কারের উদ্যোগ ইতিবাচক হলেও বর্জ্য দ্রুত অপসারণ না করায় পরিবেশ আরো অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। দুর্গন্ধের কারণে ব্যবসা পরিচালনা ব্যাহত হচ্ছে। পাশাপাশি আবর্জনার স্তূপ থেকে মাছি-মশার উপদ্রব বৃদ্ধির আশঙ্কাও রয়েছে।
এক পথচারী বলেন, ড্রেন পরিষ্কার প্রয়োজন, তবে বর্জ্য দীর্ঘ সময় রাস্তায় ফেলে রাখলে সমস্যার সমাধানের পরিবর্তে নতুন ভোগান্তি তৈরি হয়।
এ দিকে স্থানীয়রা ড্রেন পরিষ্কারের পাশাপাশি দ্রুত বর্জ্য অপসারণ এবং ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া বলেন, জনদুর্ভোগ কমাতে ড্রেন পরিষ্কারের কাজ চলমান রয়েছে। সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে ড্রেন থেকে তোলা মাটি ও বর্জ্য কাদায় পরিণত হয়ে সাময়িক সমস্যা সৃষ্টি করেছে। তবে দ্রুত বর্জ্য অপসারণের নির্দেশ দেয়া হয়েছে এবং শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।



