ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ১২তম আসরের প্রথম রাউন্ডেই দাপুটে জয় তুলে নিলো উত্তরাঞ্চল। প্রীতম কুমার ও আকবর আলীর জোড়া সেঞ্চুরির পর পেসার রবিউল হকের বিধ্বংসী বোলিংয়ে এক দিন আগেই দণিাঞ্চলের বিপক্ষে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে উত্তরাঞ্চল।
সিলেট অ্যাকাডেমি মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় উত্তরাঞ্চল। প্রথম ইনিংসে দণিাঞ্চল ৩১৪ রান সংগ্রহ করে। দলের হয়ে অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৫৩ ও ইফতিখার হোসেন ৪৪ রান করেন। উত্তরাঞ্চলের আবদুল্লাহ আল মামুন ও তাইজুল ইসলাম তিনটি করে উইকেট নেন।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে উত্তরাঞ্চল পাহাড়সম ৪২৬ রান তোলে। দুই উইকেটরক ব্যাটসম্যান প্রীতম কুমার ও অধিনায়ক আকবর আলীর ব্যাটে চড়ে ১১২ রানের লিড পায় তারা। প্রীতম ২০৩ বলে ১৫৫ রানের লড়াকু ইনিংস খেলেন, আর আকবর আলী করেন ১৫৮ বলে ১২১ রান। দণিাঞ্চলের সফর আলী ৯৯ রানে পাঁচটি উইকেট নেন।
গতকাল তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দণিাঞ্চল। রবিউল হকের ৫৩ রানে ৫ উইকেট প্রাপ্তিতে মাত্র ১৭২ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের পে সামিউন বাসির সর্বোচ্চ ৫৩ রান করলেও তা পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। জয়ের জন্য মাত্র ৬১ রানের ল্য পায় উত্তরাঞ্চল। কোনো উইকেট না হারিয়েই ৯.৪ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। ওপেনার সাব্বির হোসেন ৩৫ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলে জয় নিশ্চিত করেন। রবিউল হক ম্যাচে মোট ৬ উইকেট নিয়ে উত্তরাঞ্চলের জয়ে বড় ভূমিকা রাখেন।
জয়ের আশা পূর্বাঞ্চলের
নিজের ইনিংসকে ম্যাজিক ফিগারে রূপ দিতে পারলেন না মুশফিকুর রহীম। তবে দেড় শ’ ছাড়ানো ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দিলেন অমিত হাসান। পরে বোলারদেরও চমৎকার পারফরম্যান্সে ইনিংস ব্যবধানে জয়ের দুয়ারে দাঁড়িয়ে তারা। বিসিএলে গতকাল চতুর্থ দিনে পূর্বাঞ্চলের প্রথম ইনিংস শেষ হয় ৪৬৩ রানে। ১৫৬ রানের লিড নিয়ে মধ্যাঞ্চলকে চেপে ধরেছে তারা। সাত উইকেটে ৮২ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে মধ্যাঞ্চল। ইনিংস ব্যবধানে হার এড়াতে এখনো ৭৪ রান প্রয়োজন দলটির।



