গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের আলোকে দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও চিকিৎসকদের ভূমিকা নিয়ে গাজীপুরের ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং জাতীয়তাবাদী চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার গাজীপুর শহরের সেহরিশ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ড্যাবের উপদেষ্টা ডা: মাজহারুল আলম।
সভায় ডা: মাজহারুল আলম বলেন, ‘বিগত ফ্যাসিস্ট আমলে তারেক রহমান ও তার পরিবারের ওপর যতটা নির্যাতন হয়েছে, তা আর কারও ওপর হয়নি। কিন্তু এসব নির্যাতন ও প্রতিকূলতার পরোয়া না করে তিনি রাষ্ট্র সংস্কার ও মেরামতের লক্ষ্যে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে দিনরাত কাজ করে যাচ্ছেন।’
তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফায় রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারের পাশাপাশি জনগণের মৌলিক অধিকার ও কল্যাণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। স্বাস্থ্যসেবাকে আরো জনবান্ধব ও আধুনিক করতে চিকিৎসকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময় সভায় গাজীপুর জেলা ড্যাব, তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজের ড্যাব এবং জাতীয়তাবাদী চিকিৎসক সংগঠনের বিপুলসংখ্যক চিকিৎসক অংশ নেন। তারা স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা, চিকিৎসকদের পেশাগত বিষয় এবং জনগণের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে মতামত তুলে ধরেন।
সভায় বক্তব্য দেন গাজীপুর জেলা ড্যাবের আহ্বায়ক ডা: আলী আকবর পলান, সদস্যসচিব ডা: খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক ডা: কামরুল ইসলাম, সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহাম্মদ সালমান, সাবেক সার্জারি বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: আশরাফ উদ্দিন, ডা: খ ম শরীফ, ডা: খাইরুজ্জামান, ডা: এনামুল হক, ডা: আবুবকর সিদ্দিক, ডা: কামরুল করিম, ডা: মাহবুব রুবেল, ডা: পলাশসহ অনেকে।
সভাটি সঞ্চালনা করেন গাজীপুর জেলা ড্যাবের যুগ্ম আহ্বায়ক ডা: শাহজাহান সিরাজ।



