‘চির বিস্ময় আমি বিশ্ব-বিধাত্রীর : সুরবৈচিত্র্য ও ভাবনার প্রাসঙ্গিকতায় কাজী নজরুল ইসলাম’ প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী সঙ্গীত উৎসব গতকাল সোমবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মনোজ্ঞ সঙ্গীত পরিবেশনা, গুণীজন সম্মাননা এবং স্মারক বৃত্তি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগ এই উৎসব আয়োজন করে।
সঙ্গীত বিভাগের চেয়ারপারসন ড. প্রিয়াংকা গোপের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
নজরুল গবেষক অধ্যাপক ইরশাদ আহমেদ শাহীন স্মারক বক্তৃতা প্রদান করেন। বাংলাদেশ বেতারের উপস্থাপক জান্নাতুল ফেরদৌসী লিজা এবং সঙ্গীত বিভাগের সাবেক শিক্ষার্থী জোনাকী জ্যোতি অনুষ্ঠান সঞ্চালন করেন।
ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান উৎসব আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজে ভাঙনের সুর শক্তিশালী হচ্ছে। এ ধরনের আয়োজন ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষকে একত্রিত করে এবং সমাজকে ঐক্যবদ্ধ করে। স্মারক বক্তৃতা প্রদানের জন্য তিনি বক্তাকে ধন্যবাদ জানান এবং উৎসবের গবেষণার অংশটি বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেয়ার ওপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি।



