ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
নারায়ণহাট ও দাঁতমারার মধ্যবর্তী স্থানে প্রস্তাবিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দফতর স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আগামী এক সপ্তাহের মধ্যে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট সিদ্ধান্ত না এলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
গত শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে উত্তরাঞ্চলের বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা এই আল্টিমেটাম দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইনজীবী ইউসুফ আলম মাসুদ। তিনি বলেন, দেশের ৫০১তম উপজেলা হিসেবে ‘ফটিকছড়ি উত্তর’ অনুমোদন পাওয়ায় তারা কৃতজ্ঞ। তবে সদর দফতরের অবস্থান নির্ধারণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
বক্তাদের অভিযোগ, গণশুনানির সুপারিশ উপেক্ষা করে একটি মহল ভূজপুরে সদর দফতর স্থাপনের চেষ্টা চালাচ্ছে। ফটিকছড়ি সদর থেকে ভূজপুরের দূরত্ব মাত্র ৯ কিলোমিটার হলেও বাগানবাজার থেকে এর দূরত্ব ৩৮ কিলোমিটার। ভূজপুরে সদর করা হলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মূল উদ্দেশ্য ব্যাহত হবে এবং জনগণের ভোগান্তি কমবে না। বক্তারা আগামী এক সপ্তাহের মধ্যে নারায়ণহাট-দাঁতমারার মধ্যবর্তী স্থানে সদর দফতর স্থাপনের ঘোষণা দাবি করেন। সংবাদ সম্মেলনে উত্তর ফটিকছড়ি নাগরিক ফোরামের আহ্বায়ক ওসমান গণি মজুমদারসহ এলাকার বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



