নয়া দিগন্ত ডেস্ক
ঐতিহাসিক মহান মে দিবস সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গত শুক্রবার রাজধানীসহ জেলা-উপজেলায় র্যালি, সমাবেশ ও আলোচনা সভার মাধ্যমে শ্রমিকেরা তাদের ন্যায্য দাবির কথা তুলে ধরেন। জেলা প্রশাসন, বিএনপি, জামায়াত ও বিভিন্ন শ্রমিক সংগঠন বর্ণাঢ্য কর্মসূচি পালন করে। বক্তারা শ্রমিক-মালিক সুসম্পর্ক স্থাপন, মজুরিকাঠামো বাস্তবায়ন এবং ইসলামী শ্রমনীতির ওপর গুরুত্বারোপ করেন। দেশের অর্থনীতি সচল রাখতে শ্রমিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান জানানো হয় কর্মসূচির মাধ্যমে।
নোয়াখালী অফিস জানায়, দিবসটি উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে জেলা শহর মাইজদী ও প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে পৃথক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাইজদীতে শহর সভাপতি মাহবুবুর রহমান রিয়াদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রধান উপদেষ্টা ইসহাক খন্দকার। অন্য দিকে, চৌমুহনীতে বেগমগঞ্জ উপজেলা ও পৌরশাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত র্যালি ও সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান। বক্তারা মালিক-শ্রমিক সুসম্পক এবং শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি জানান।
সিলেট ব্যুরো জানায়, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে মহানগর জামায়াত আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, শ্রমিকদের রক্ত ও ঘামে সভ্যতা গড়লেও তারা সবচেয়ে অবহেলিত। প্রচলিত অর্থব্যবস্থায় শ্রমিকের মুক্তি সম্ভব নয় বিধায় ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ জরুরি। অ্যাডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে সমাবেশে ২৭টি ট্রেড ইউনিয়নের শ্রমিক নেতারা অংশ নেন।
চাঁদপুর প্রতিনিধি জানান, জেলা প্রশাসন, শ্রমিক দল এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, শ্রমিকদের মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এরশাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রমিক কল্যাণ ফেডারেশনের র্যালিতে জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া প্রধান অতিথির বক্তব্য রাখেন।
নরসিংদী প্রতিনিধি জানান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নরসিংদী জেলা শাখার উদ্যোগে শহরে বিশাল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভাপতি শামসুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে বক্তারা বলেন, ইসলামী শ্রমনীতি ছাড়া শ্রমিকদের প্রকৃত মুক্তি ও অধিকার নিশ্চিত হওয়া সম্ভব নয়। শ্রমিকদের ‘আল্লাহর বন্ধু’ হিসেবে উল্লেখ করে তাদের গোলামির জিঞ্জির থেকে মুক্ত করার আহ্বান জানানো হয়।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে কয়েক শ’ অসহায় শ্রমিককে সেবা দেয়া হয়। এ ছাড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে বাস টার্মিনাল থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। জেলা জামায়াতের আমির অধ্যাপক এ কে এম খন্দকার আলী মুহসিন বলেন, অধিকার রক্ষার পাশাপাশি শ্রমিকের সুস্বাস্থ্য নিশ্চিত করা নৈতিক দায়িত্ব। জেলা বিএনপির পক্ষ থেকেও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর প্রতিনিধি জানান, বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর তাদের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। সভাপতিত্ব করেন সাদাকাত আলী খান। অন্য দিকে, শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে স্টেশন রোড চত্বর থেকে র্যালি বের করা হয়। অধ্যক্ষ আনিসুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।
গাবতলী (বগুড়া) সংবাদদাতা জানান, বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন। প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, শ্রমিকরা দেশের উন্নয়নের মূল শিকড়। স্বৈরাচারী আমলে শ্রমিকদের টাকা লুটপাট করা হয়েছে। বিএনপি শ্রমিকদের অধিকার আদায়ে পাশে থাকবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফিজার রহমান এবং জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সাভার (ঢাকা) সংবাদদাতা জানান, বিসিক চামড়া শিল্প নগরীতে ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে শ্রমিক নেতারা ট্যানারী শ্রমিকদের জন্য সংশোধিত নিম্নতম মজুরি বাস্তবায়নে মালিকপক্ষের গড়িমসিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সাধারণ সম্পাদক আবদুল মালেক অবিলম্বে সরকারি ঘোষিত মজুরি পূর্ণাঙ্গ বাস্তবায়নের জোর দাবি জানান।
পঞ্চগড় প্রতিনিধি জানান, জেলা প্রশাসন ও কলকারখানা পরিদর্শন অধিদফতরের আয়োজনে সকালে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। পরে সরকারি অডিটোরিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসের তাৎপর্য তুলে ধরে এতে বক্তব্য রাখেন বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। কর্মসূচি শেষে শ্রমিক সংগঠনগুলো শহীদ শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
মেহেরপুর প্রতিনিধি জানান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে শোভাযাত্রা বের করাি হয়। জেলা সভাপতি আব্দুর রউফ মুকুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মহাবুব উল আলম। বক্তারা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য মজুরির দাবি জানান। সমাবেশ শেষে জেলা প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও শ্রমিক দলের পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ইনসাবের আয়োজনে পতাকা উত্তোলন, বিশাল র্যালি ও আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ৮ ঘণ্টা কাজ, নিরাপদ কর্মপরিবেশ এবং বীমা সুবিধার দাবি জানান। অন্য দিকে ইউএনও জাকির মুন্সির উপস্থিতিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া জাতীয়তাবাদী শ্রমিক দলও শহরে বর্ণাঢ্য র্যালি বের করে। সব সংগঠনের নেতৃবৃন্দই শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।



