রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল সোমবার দলের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান একথা জানান।
তিনি বলেন, ‘গত রোববার সকালে চিকিৎসকদের পরামর্শে স্যারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে কেবিনে রাখা হয়েছে। এখন তার অবস্থা অনেকটাই ভালো। তিনি এখন সুস্থ আছেন।’
ইউনাটেড হাসপাতালের চিফ কার্ডিওলজি কনসালটেন্ট অধ্যাপক এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন বিএনপি মহাসচিব।
হাসপাতালে মির্জা ফখরুলের পাশে আছেন তার সহধর্মিণী রাহাত আরা বেগম ও তার ছোট মেয়ে মির্জা সাফারুহ। দলের নেতাকর্মী-সমর্থকদের হাসপাতালে ভিড় না করার জন্য অনুরোধ জানিয়েছেন তারা।
লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে মহাসচিবের সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন।
হাসপাতালের চিকিৎসকদের সাথে কথা বলে জানা যায়, বিএনপি মহাসচিবের সোডিয়াম লেভেল হ্রাস পেয়েছিল এবং তার বুকে কাশি জমাট বাঁধায় শ্বাস-প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, প্রচণ্ড দুর্বলতা বোধ করছিলেন তিনি। এসব সমস্যা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদরোগের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। এখন তিনি সুস্থ আছেন।



