আলজাজিরা
হোয়াইট হাউজের কাছের একটি নিরাপত্তা চৌকিতে (চেকপয়েন্ট) গুলি চালানোর পর মার্কিন সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। এই গোলাগুলির ঘটনায় এক পথচারীও আহত হয়েছেন।
বেশ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম বন্দুকধারীকে ২১ বছর বয়সী নাসির বেস্ট হিসেবে শনাক্ত করেছে। সে পার্শ্ববর্তী মেরিল্যান্ড রাজ্যের বাসিন্দা এবং আগে থেকেই সিক্রেট সার্ভিসের পরিচিত ছিল। তার মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার ইতিহাসও রয়েছে। সিক্রেট সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়েছে, গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু পরে সন্দেহভাজন ব্যক্তি ওয়াশিংটন ডিসির সেভেনটিন্থ স্ট্রিট এবং পেনসিলভানিয়া অ্যাভিনিউর সংযোগস্থলে অবস্থিত সিক্রেট সার্ভিসের চেকপয়েন্টের কাছে আসে। এরপর সে তার ব্যাগ থেকে একটি অস্ত্র বের করে সেখানে দায়িত্বরত কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পরে বন্দুকধারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় সিক্রেট সার্ভিসের কোনো কর্মকর্তা আহত হননি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনার সময় হোয়াইট হাউজের ভেতরেই ছিলেন। তবে সিক্রেট সার্ভিস জানিয়েছে, সুরক্ষিত ব্যক্তি বা তাদের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। ঘটনার পরপরই হোয়াইট হাউজ অবরুদ্ধ (লকডাউন) করা হয়।
বন্দুকধারীর পরিচয়
মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বেস্ট গত বছর বেশ কয়েকবার হোয়াইট হাউজের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছিল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সে হোয়াইট হাউজের ‘সীমানা থেকে দূরে থাকার নির্দেশ’ অমান্য করেছিল এবং তাকে মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
সিএনএন জানিয়েছে, গত বছরের জুনে বেস্ট হোয়াইট হাউজের একটি প্রবেশ পথ আটকে দিলে সিক্রেট সার্ভিস তাকে আটক করে। সে নিজেকে জেসাস (যিশু) বলে দাবি করেছিল এবং গ্রেফতার হতে চেয়েছিল। পরে তাকে মানসিক মূল্যায়নের জন্য ওয়াশিংটনের সাইকিয়াট্রিক ইনস্টিটিউটে পাঠানো হয়।



