হামের প্রকোপে শিশু মৃত্যু

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Printed Edition

আদালত প্রতিবেদক

হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলা, আইন অমান্য ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে ভুক্তভোগী এক শিশুর বাবা সিরাজুল ইসলাম এ আবেদন করেন।

আদালত বাদির জবানবন্দী গ্রহণ করে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রাখেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদিপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি।

মামলার আবেদনে অপর আসামি হিসেবে স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক ডা: মো: আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের নাম উল্লেখ করা হয়েছে।

এর আগেও হামে শিশু মৃত্যুর ঘটনায় একাধিকবার মামলা দায়েরের আবেদন করা হলেও সেগুলো খারিজ হয়ে যায়।

আবেদনে বাদি উল্লেখ করেন, তার ৯ মাস বয়সী কন্যা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শয্যাসঙ্কট, অক্সিজেনের অভাব, চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। একই সাথে সময়মতো হামের টিকা সরবরাহ না থাকায় সে টিকা গ্রহণ করতে পারেনি এবং পরে হামে আক্রান্ত হয়ে মারা যায়।

আবেদনে আরো অভিযোগ করা হয়, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। তাদের দায়িত্বে অবহেলার কারণে দেশজুড়ে শত শত শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে এবং হাজারো শিশু চিকিৎসাধীন রয়েছে।

এ ছাড়া বিবাদীদের এসব কর্মকাণ্ড সংবিধান অনুযায়ী জনস্বাস্থ্য ও মানুষের জীবন রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব পালনে ব্যর্থতা, ক্ষমতার অপব্যবহার এবং আইনগত দায়িত্বে অবহেলার শামিল বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।