সাকিবের ফেরার কোনো সুযোগ নেই : আমিনুল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

রাজনৈতিক অবস্থানের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিব আল হাসানের দেশে ফেরার আর কোনো সুযোগ নেই বলে মনে করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার ভাষায়, ‘আমরা অনেক নমনীয়, অনেক সহনশীলভাবেই বিষয়টি দেখছিলাম। এরপরে আর মনে হয় না যে ওইভাবে চিন্তা করার সুযোগ আছে।’

হ্নআইনি প্রক্রিয়ার মাধ্যমে সাকিবকে দেশে ফিরতে হবে জানিয়ে তিনি আরো বলেন, ‘যে স্বৈরাচারের স্টেজে উঠেছে, তার তো আর আসার সুযোগ আছে বলে মনে হয় না। একজন খেলোয়াড় হিসেবে যেটা আমরা চিন্তা করছিলাম, আমরা নমনীয় ছিলাম। এখন আর কোনো সুযোগ নেই। যে যদি আসে, তাহলে আইনগতভাবে আসবে।’

নতুন করে আলোচনায় সাকিব

নয়াদিল্লিতে আওয়ামী লীগ সভাপতির সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়ে নতুন করে আলোচনায় বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এরপর তার ফাঁকা বাড়িতে হামলার ঘটনাও ঘটে। তিনি এখন শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন।

সাকিব রয়টার্সকে বলেন, ‘সরকার যদি আমাকে জানায় যে আমার নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাহলে আমি আনন্দের সাথেই দেশে ফিরব, আদালতের বিচারসহ যা যা প্রয়োজন, সব কিছুরই মুখোমুখি হব। আমি জানি, আমি কোনো অন্যায় করিনি।’

শেখ হাসিনা সম্প্রতি ঘোষণা দিয়েছেন, আগামী ডিসেম্বরেই তিনি দেশে ফিরতে চান। কেবল তিনি নন, নির্বাসনে থাকা আওয়ামী লীগ নেতাদের নিয়ে দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। রয়টার্সকে সাকিব বলেছেন, শেখ হাসিনার সাথেই তিনি দেশে ফেরার চেষ্টা করবেন। ‘ক্যাপ্টেন যা বলেন, আমরা সেটিই অনুসরণ করি। আমার মনে হয়, তারাই ভালো সিদ্ধান্ত নেবেন, আর আমরা তাদের নির্দেশনা অনুসরণ করব।’

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও কথা বলার ইচ্ছার কথা বলেছেন সাকিব। রয়টার্স লিখেছে, এ বিষয়ে মন্তব্য জানতে প্রধানমন্ত্রীর মুখপাত্রদের সাথে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ২০২৪ সালের শেষ দিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস পেয়ে দেশে ফেরার জন্য বিমানে উঠেছিলেন সাকিব। কিন্তু সেবারও তার দেশে ফেরা হয়নি।