ক্রীড়া প্রতিবেদক
নিজের ভুল পাস থেকেই গোল করলেন প্রতিপক্ষের আলপি আক্তার। তাই গোল হজমের পরপরই মাথায় হাত দিয়ে আফসোস করা শুরু গোলরক্ষক ইয়ারজান বেগমের। সাথে মথায় হাত ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবেরও। শিরোপার রেসে থাকার জন্য গতকাল রাজশাহী স্টারসের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বুড়িগঙ্গাপাড়ের দলটির। এখনো লিগের খেলা বাকি আছে তিনটি করে। তবে গতকাল ফরাশগঞ্জকে ১-০ গোলে হারিয়ে অভিষেকেই নারী ফুটবল লিগের চ্যাম্পিয়নশিপের স্বাদ পাওয়ার পথে এগিয়ে গেল রাজশাহী স্টারস। ২১ পয়েন্ট নিয়ে এককভাবে সবার উপরে চলে গেছে আফঈদা খন্দকার প্রান্তি, ঋতুপর্না চাকমা, রুপনা চাকমারা। অন্য দিকে ফরাশগঞ্জকে এখন রাজশাহী স্টারসের অমঙ্গল কামনা করার সাথে সাথে নিজেদের ম্যাচেও জিততে হবে। তাদের পয়েন্ট ১৮। অবশ্য রাজশাহীর কাছে ফরাশগঞ্জের এই হারে আশা জেগেছে বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাবের। নিজেদের পরের দুই ম্যাচে জয়ের পর আর্মি যদি শেষ খেলায় হারাতে পারে রাজশাহীকে তাহলে তাদেরও চ্যাম্পিয়র হওয়ার সুযোগ তৈরি হবে। ৭ খেলা শেষে দুই দলেরই পয়েন্ট ২১ করে। তবে গোল পার্থক্যে এগিয়ে রাজশাহী স্টারস।
নারী লিগে এবার বিগ বাজেটের দল গড়েছে রাজশাহী স্টারস। আগের দিন ক্রিকেট মাঠে বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে। ক্রিকেটে বিপিএলের এই দলের যারা মালিকপক্ষ তারা নারী লিগে রাজশাহী স্টারস-এরও মালিক। ঠিক ক্রিকেটের সাফল্যের ধারাই যেন বজায় রাখতে চলেছে রাজশাহীর ফুটবল দলটি।
গতকাল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে বেলা আড়াইটার এই ম্যাচকে ঘিরে উত্তেজনা ছিল। মাঠেও দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির উপক্রম হয়েছিল। যেহেতু লিগের সেরা দুই দলের ম্যাচ তাই সবার আগ্রহ যেমন ছিল তেমনি দুই দলের কর্মকর্তারাও আবেগে জড়িয়ে যান। ম্যাচের জয়ের পরতো কাঁদতে থাকেন রাজশাহী স্টারসের ম্যানেজার মুশফিকুর রহমান।
ম্যাচে শুরুটা ভালোই করেছিল ফরাশগঞ্জ। তারা চড়াও হয়ে খেললেও গোলের দেখা পায়নি। তাদের তারকা স্ট্রাইকার তহুরা খাতুন ও ছোট শামসুন্নাহারদের থিতু হতে দেননি রাজশাহী স্টারসের ডিফেন্ডাররা। এরপর ধীরে ধীরে খেলা গুছিয়ে নেয় রাজশাহী। এরই মধ্যে প্রথমার্ধের শেষ দিকে সতীর্থ ডিফেন্ডারকে পাস দিতে গিয়ে বল আলপি আক্তারের পায়ে তুলে দেন ইয়ারজান। সেই সুযোগই কাজে লাগান বয়সভিত্তিক জাতীয় দলের এই খেলোয়াড়। তার ডান পায়ের শটে পরাস্ত ফরাশগঞ্জ কিপার। এরপর ইয়ারজান দু’টি দুর্দান্ত সেভ করেছেন। প্রথমার্ধেই তিনি স্বপ্না রানীর শট বাম দিকে শরীর ফেলে রুখে দেন। সেই শট পোস্টে লেগে কর্নার হয়। বিরতির পর আলপির আরেকটি শট ডান দিকে ঝাঁপিয়ে রক্ষা করেন ইয়ারজান। এতেও তার আগের ব্যর্থতা ঢাকা যায়নি। ম্যাচ শেষে ফরাশগঞ্জ অধিনায়ক মারিয়া মান্ডা জানান, ‘আমরা চেষ্টা করেছিলাম জেতার জন্য; কিন্তু ভুলে গোল হজমে হারতে হয়েছে।’ অন্য দিকে গোলদাতা আলপি বলেন, ইয়ারজানের কাছ থেকে বল পাওয়ার পর টেনশনে ছিলাম গোল করতে পারব কি না। শেষ পর্যন্ত তা করতে পেরেছি। এখন লক্ষ্য পরের ম্যাচগুলোতেও জিতে চ্যাম্পিয়ন হতে চাই।
কাল অন্য ম্যাচে উন্নতি খাতুনের হ্যাটট্রিকে বাংলাদেশ আর্মি ৯-০ গোলে হারিয়েছে শুদ্ধপুষ্করিনিকে। উন্নতি চার গোল করেন। দুই গোল সুলতানার। একটি করে গোল শিখা আক্তার ও জয়নব বিবি রিতার। অপরটি আত্মঘাতী। আরেক ম্যাচে সোমা রানীর হ্যাটট্রিকে সিরাজ স্মৃতি সংসদ ৫-০তে হারিয়েছে নাসরিন স্পোর্টস অ্যাকাডেমিকে। অপর দুই গোল সানজিদা আক্তার ও সুমিতা রানীর।



