আসন্ন ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নিজেদের মধ্যে ভাগ হয়ে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। গতকাল থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে টাইগারের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে। প্রথম দিনে অনুশীলনে ছিলেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। তাদের মধ্যে অন্যতম মোস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত। দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় কিছু ক্রিকেটার অনুপস্থিত ছিলেন। এ ছাড়া ছুটিতে রয়েছেন বেশ কিছু ক্রিকেটার। ছুটিতে থাকা শরীফুল যোগ দেবেন ১৫ সেপ্টেম্বর। অন্যদিকে কাউন্টিতে খেলার কারণে অনুশীলনে নেই হাসান মাহমুদ।
বিসিবির তথ্য অনুযায়ী, প্রস্তুতি ম্যাচ দু’টি হবে আগামী ২১ ও ২২ সেপ্টেম্বর। কোনো বিদেশী দলের বিপক্ষে নয়, বরং বাংলাদেশ দল নিজেদের মধ্যে ভাগ হয়ে এই প্রস্তুতি ম্যাচগুলোতে অংশ নেবে। টি-২০ টুর্নামেন্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস।
র্যাংকিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশকে গ্রুপ পর্বে খেলতে হচ্ছে না, তারা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। আগামী ২৯ সেপ্টেম্বর গ্রুপ ‘বি’ থেকে প্রথম রাউন্ড পার করে আসা একটি দলের (হংকং, মালয়েশিয়া বা ওমান) বিপক্ষে বাংলাদেশ তাদের এশিয়ান গেমসের অভিযান শুরু করবে।



