নয়া দিগন্ত ডেস্ক
স্বাতন্ত্র্য রক্ষার দাবি জানিয়ে সড়ক অবরোধ করেছেন ইডেন মহিলা কলেজের ছাত্রীরা। প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশকে ঘিরে সহশিক্ষার আশঙ্কা, বিভাগ বিলুপ্তির সম্ভাবনা এবং প্রতিষ্ঠানের নারীবান্ধব পরিচয় ক্ষুণœ হওয়ার উদ্বেগ থেকে এই কর্মসূচি পালন করেছেন তারা।
গতকাল বেল সোয়া ১১টার দিকে কলেজের ২ নম্বর গেটের সামনের এই সড়ক অবরোধ করেন। এতে আজিমপুর থেকে নীলক্ষেত অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ছাত্রীদের দাবি, প্রস্তাবিত অধ্যাদেশ বাস্তবায়িত হলে ইডেন মহিলা কলেজের দীর্ঘদিনের স্বাতন্ত্র্য, নারীবান্ধব পরিবেশ ও একাডেমিক ধারাবাহিকতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ইডেনকে নারীদের জন্য সংরক্ষিত রাখা, কোনো বিভাগ বিলুপ্ত না করা এবং কলেজকে একটি মাত্র ফ্যাকাল্টিতে রূপান্তরের পরিকল্পনা বাতিল করাসহ মোট ৫ দফা দাবি জানান তারা। দাবিগুলো হচ্ছে-
১. ইডেনকে শুধু নারীদের জন্য সংরক্ষিত রাখা, ২. কলেজের কোনো বিভাগ বিলুপ্ত না করা, ৩. বিশ্ববিদ্যালয়ের সময় বেলা ১টা থেকে ৭টা নয়, বরং ২৪ ঘণ্টা বহাল রাখা, ৪. ইডেনকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখাসহ ইন্টারমিডিয়েট কার্যক্রম চালু না করা এবং ৫. যোগ্যতা থাকা সত্ত্বেও ইডেনকে বিশ্ববিদ্যালয়ের একটি মাত্র ফ্যাকাল্টিতে রূপান্তরের পরিকল্পনা বাতিল করতে হবে।



