রাজীব গাইলেন নায়করাজ ও সালমান শাহের সিনেমার গান

Printed Edition
রাজীব গাইলেন নায়করাজ ও সালমান শাহের সিনেমার গান
রাজীব গাইলেন নায়করাজ ও সালমান শাহের সিনেমার গান

বিনোদন প্রতিবেদক

‘গান চিরদিন’ বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় একটি সঙ্গীতানুষ্ঠান। এবারের আয়োজনে বাংলাদেশের এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী রাজীব বাংলাদেশের নায়করাজ রাজ্জাক ও বাংলাদেশের সিনেমার অন্যতম ক্রেজ প্রয়াত অমর নায়ক সালমান শাহ অভিনীত সিনেমার গান গেয়েছেন। নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘বাবা কেন চাকর’ সিনেমায় মোহাম্মদ রফিক উজ্জামানের লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা ‘আমার মতো এত সুখী নয়তো কারো জীবন’ গানটি গেয়েছিলেন খালিদ হাসান মিলু। গানটি এখনো দর্শকের কাছে ভীষণ জনপ্রিয়। অন্যদিকে তমিজ উদ্দিন রিজভী পরিচালিত ‘আশা ভালোবাসা’ সিনেমায় গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও আবু তাহের সুরে অ্যান্ড্রুু কিশোর গেয়েছিলেন ‘গান আমি গেয়ে যাব এই আসরে, তোমাদের মন আমি নেবই কেড়ে’। এই দু’টি গান ‘গান চিরদিন’-এর নতুন পর্বে রাজীব গেয়েছেন। গত বৃহস্পতিবার বাংলাদেশ টেলিভিশনে রাজীবের কণ্ঠে এই দুটো গান আবারো রেকর্ড করা হয়। শিগগিরই রাজীবের অংশ নেয়া পর্বটি প্রচার হবে বলে জানান রাজীব। রাজীব বলেন, ‘দু’টি বিশেষণ কথা বলতে চাই, এক হলো আমাদের বাংলাদেশের সিনেমার নায়কদের মধ্যে সেরা ছিলেন অর্থাৎ- নায়করাজ ছিলেন শ্রদ্ধেয় রাজ্জাক স্যার। পরবর্তীতে বিশেষত নব্বই দশকে এসে কেয়ামত থেকে কেয়ামত সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে বাংলাদেশের সিনেমায় নতুন এক দিগন্তের সূচনা করেন আমাদের সবারই প্রিয় নায়ক সালমান শাহ। মাত্র তিন বছরে তিনি আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিলেন। এই দুই নায়কের প্রতি আমার পরম ভালোবাসা রয়েছে। তাই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের প্রয়াত বরেণ্য দুই গুণী সঙ্গীতশিল্পী শ্রদ্ধেয় অ্যান্ড্রুু কিশোর দাদা ও শ্রদ্ধেয় মিলু ভাইয়ের গাওয়া দু’টি গান আমি গান চিরদিন এ গাইবার চেষ্টা করেছি। কেমন গেয়েছি সেটি আসলে দর্শক শ্রোতা ভালো বলতে পারবেন।’ রাজীবের কণ্ঠে সর্বশেষ মৌলিক গান ছিল ‘কেমনে যে সামলাও’। গানটি লিখেছেন ‘ঘুড়ি তুমি কার আকাশে উড়ো’-খ্যাত সঙ্গীতশিল্পী লুৎফর হাসান ও সুর সঙ্গীত করেছেন আকাশ মাহমুদ। এদিকে শিগগিরই নতুন আরেকটি গান আসবে, যে গানটি লিখেছেন রাজীবেরই একজন মেয়ে ভক্ত। গানটি যখন প্রকাশ পাবে তখন তিনি তার বিস্তারিত জানাবেন। এদিকে গতকাল রাজীব শ্রীমঙ্গলে একটি শোতে সঙ্গীত পরিবেশন করেন। আগামী ১৩ নভেম্বর তিনি টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে সঙ্গীত পরিবেশন করবেন বলেও জানান। অর্থাৎ- এই সময়ে এসে রাজীব স্টেজ শোতেও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। আগামী ২৩ নভেম্বর রাত ১০টায় রাজীবের অংশ নেয়া পর্ব (গান চিরদিন) প্রচার হবে।