সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভারে পুলিশের অভিযানের সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে সাভার থানা ছাত্রদলের সহসভাপতি মনোয়ারুল ইসলাম বকশীর (২৯) মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।
গতকাল রোববার দুপুরে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বিপিএটিসি যুব কল্যাণ সংঘের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে বিপিএটিসির কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মনোয়ারুলকে পরিকল্পিতভাবে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানান। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, ঘটনার সাথে প্রশাসনের কেউ জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
মনোয়ারুলের বড় ভাই মোমদেল হোসেন বকশী বলেন, তার ভাইয়ের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার চান তারা। মনোয়ারুলের বাবা জাফর বকশী বিপিএটিসির তৃতীয় শ্রেণীর কর্মচারী। পরিবারের দাবি, মনোয়ারুলের বিরুদ্ধে কোনো মামলা ছিল না।



