নয়া দিগন্ত ডেস্ক
বর্ষা পরবর্তী মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কায় দেশজুড়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষার্থী, স্কাউট, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। দেশের বিভিন্ন স্থানে র্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে শুরু হয়েছে এ অভিযান।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, জেলা প্রশাসনের আয়োজনে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্যোগে আয়োজিত এক র্যালিতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। আগামী তিন মাস ডেঙ্গুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ঘরবাড়ি ও আশপাশে জমে থাকা পানি থেকেই এডিস মশার প্রজনন এবং ডেঙ্গুর বিস্তার ঘটে। তাই নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন হয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে। র্যালিতে জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নীলফামারী প্রতিনিধি জানান, গতকাল শনিবার সকালে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে আনুষ্ঠানিক উদ্বোধনের পর জেলাপর্যায়ে শহরের কালিতলায় কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে এ কর্মসূচি নেয়া হয়েছে। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট সদস্য, সরকারি দফতরের কর্মকর্তা ও সুধীজন অংশ নেন।
ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে ইউএনও আল মামুনের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য তমিজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আহমেদুল হক তিতাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়। র্যালিটি ধামরাইয়ের সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা জানান, প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে কর্মসূচির উদ্বোধনের পর উপজেলা প্রশাসন পরিষদ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এতে বিভিন্ন দফতর, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক সদস্য অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরানুজ্জামান বলেন, ডেঙ্গু প্রতিরোধে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে এ অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, চিকিৎসক ডা: মো: আতিকুর রহমান খানসহ প্রশাসন ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাভার (ঢাকা) সংবাদদাতা জানান, উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; ঘরবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। স্থানীয় পর্যায়ে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে গেলে এডিস মশার প্রজননস্থল কমানো সম্ভব।



