শহীদ জিয়া স্মৃতি সংসদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদুল ইসলাম (রিপন মামা)। প্রধান অতিথি ছিলেন ফিরোজ আহম্মদ ধনু।
অনুষ্ঠানে আলোচকরা বলেন, বিগত সময়ে রাজনৈতিক প্রতিকূলতা ও নানা প্রতিবন্ধকতার কারণে তারা প্রকাশ্যে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করতে পারেননি। সে সময় বহু নেতাকর্মী রাজনৈতিক হয়রানি, মামলা-মোকদ্দমা এবং বিভিন্ন ধরনের চাপের মুখে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়েছেন। অনেকেই পরিবার-পরিজন ও স্বজনদের বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে ভয় ও শঙ্কার কারণে বিরত ছিলেন। বক্তারা বলেন, দীর্ঘ দিনের সেই দুঃসহ পরিস্থিতি ও মানসিক কষ্ট তারা নীরবে সহ্য করেছেন।
প্রধান অতিথি ফিরোজ আহম্মদ ধনু বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সৎ, আদর্শবান ও প্রকৃত দেশপ্রেমিক নেতা ছিলেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী চেতনা প্রতিষ্ঠায় তার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
সভাপতির বক্তব্যে শহীদুল ইসলাম (রিপন মামা) বলেন, জোর-জুলুম করে কোনো সরকারই দীর্ঘ দিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। রাজনৈতিক ইতিহাসে এর বহু উদাহরণ রয়েছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, ধৈর্য ও ত্যাগের কথা উল্লেখ করে তার প্রতি শ্রদ্ধা জানান এবং দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ এই আদর্শকে ধারণ করে একটি সমৃদ্ধ ও কল্যাণরাষ্ট্র গড়ে তোলাই হওয়া উচিত সবার লক্ষ্য। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মুনাজাত পরিচালনা করেন আনিস হুজুর।
এ ছাড়া সংগঠনের উপদেষ্টা এস এম রহমান, সংগঠনের জেলা শাখার মরহুম সহসভাপতি হারুনুর রশিদ বাবুলের রূহের মাগফিরাত কামনা করা হয়। সেই সাথে বিকেএম ই’র সাবেক সভাপতি ও সংগঠনের জেলা উপদেষ্টা মনজুরুল হক, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতা খালেদ হায়দার খান কাজল, সংগঠনের সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন আহম্মদ এবং বিএনপির জেলা নেতা মাসুকুল ইসলাম রাজিবের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। বিজ্ঞপ্তি।



