কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে গুরুতর আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম আব্দুল কুদ্দুস (৬৫)। তিনি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়পার্ক গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে তছিমুদ্দিনের দুই ছেলে আব্দুল কুদ্দুস ও মাহাবুরের মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল।
বুধবার সকালে ওই জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাহাবুর, তার ছোট ভাই মান্নানসহ পরিবারের কয়েকজন সদস্য দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আব্দুল কুদ্দুসের ওপর হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে গেলে তার ছেলে রাসেলও গুরুতর আহত হন।
আহত অবস্থায় আব্দুল কুদ্দুস ও তার ছেলে রাসেলকে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে আব্দুল কুদ্দুস মারা যান।



