মহাসড়কের চান্দিনায় গরুবাহী ট্রাক ছিনতাই

দায় এড়াতে দুই থানার গড়িমসি

Printed Edition

চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার চান্দিনায় চালক ও ব্যবসায়ীকে গাছের সাথে বেঁধে গরুবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের ঘটনার মাত্র ২ মিনিটের মধ্যে টহল পুলিশকে অবহিত করলেও পুলিশ যথাযথ ভূমিকা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। গরু ছিনতাইয়ের ঘটনাস্থল শনাক্তে চান্দিনা ও দাউদকান্দি থানা পুলিশের গড়িমসিতে বিপাকে ভুক্তভোগীরা।

জানা যায়, সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি ব্রিজ অতিক্রমের প্রায় পাঁচ কিলোমিটার পর ভোরে ফাঁকা জায়গায় সামনে আরেকটি গাড়ি ব্যারিকেড দেয়। ‘গাড়ি থামানো মাত্র আমাকে নামিয়ে মারধর করে, হাত-পা বেঁধে তাদের গাড়িতে তুলে ফেলে। এরপর আমার ট্রাকটিই ছিনতাইকারীরা চালিয়ে চান্দিনার কাঠেরপুল এলাকায় নিয়ে যায়। সেখানে ট্রাক থেকে আটটি গরুর মধ্যে ছয়টি গরু নামিয়ে তাদের গাড়িতে তুলে নেয়। গাড়িতে জায়গা না থাকায় বাকি দ্’ুটি গরু ফেলে রেখে যায় ডাকাতরা।

গাড়িচালক গরুর মালিকের অভিযোগ, ছিনতাইকারীরা গরুগুলো তাদের গাড়িতে তুলে চলে যাওয়ার পর মাত্র ২ মিনিট পর একটি সিএনজিতে পোশাকধারী কয়েকজন পুলিশ ঘটনাস্থলে আসে। আমরা তাদেরকে সব জানালেও তারা প্রথমে যেতে চায়নি। আমরা বারবার অনুরোধ করলে তারা আমাদের ভ্যানে তুলে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে নেয়। যে রাস্তায় ছিনতাইকারীরা পালিয়েছে আমরা পুলিশকে তা দেখালেও তারা বলে, ‘ওটা তাদের এলাকা না।’ তিনি আরো জানান, টহলরত পুলিশ চান্দিনা থানার না হাইওয়ে থানার তা আমরা শনাক্ত করতে পারিনি। ঘটনাস্থল চান্দিনা থানার এলাকা হলেও থানায় অভিযোগ দিতে গেলে ওসি বলেন দাউদকান্দি থানায় অভিযোগ করতে।

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, চারদিকে মোবাইল পার্টিকে জানিয়েছিলাম; কিন্তু তাদের খুঁজে পাওয়া যায়নি। কেন অভিযোগ নেয়া হয়নি। ঘটনাটি দাউদকান্দি এলাকায় হয়েছে, তাই আইনগত ব্যবস্থা ওইখানে নিতে হবে। দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েদ চৌধুরী বলেন, ঘটনাস্থল যদি কাঠেরপুল এলাকায় হয় তাহলে এর আইনগত ব্যবস্থা নেয়ার দায়িত্ব চান্দিনা থানার।