নিজস্ব প্রতিবেদক
বৈরী আবহাওয়ার কারণে ঢাকার প্রধান নদীবন্দর সদরঘাট নৌ টার্মিনাল থেকে অভ্যন্তরীণ নৌপথের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে বিপাকে পড়েছেন ঘাটে আসা যাত্রীরা।
লঞ্চ চলচল বন্ধের খবর না জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে বৃষ্টি উপেক্ষা করেই সদরঘাট লঞ্চ চলাচল টার্মিনালে আসেন অনেকে। লঞ্চ চলাচল বন্ধ থাকায় তাদের কেউ কেউ ফিরে যান, কেউ কেউ ছুটে যান সায়েদাবাদ বাস টার্মিনালে, আবার কেউ কেউ রাতে লঞ্চ ছাড়তে পারে এমন আশায় অপেক্ষা করেন টার্মিনালে।
পটুয়াখালীর আমতলীর বাসিন্দা এক ব্যবসায়ী বলেন, ডাক্তার দেখাতে আসছিলাম গত পরশু। লঞ্চ বন্ধ জানতাম না। রাত পর্যন্ত অপেক্ষা করব। এরমধ্যে লঞ্চ না ছাড়লে কোনো বোডিংয়ে থাকতে হবে।
মিরপুর থেকে ভোলার উদ্দেশে রওনা দেয়া এক মাদরাসা শিক্ষক বলেন, লঞ্চ চলবে না জানতাম না। ঘাটে এসে দেখি লঞ্চ নেই। বৃষ্টির মধ্যে কষ্ট করে আসা বৃথা হলো। এখন আবার মিরপুর ফিরে যাবো ভাবছি।
ঘাট সংশ্লিষ্টরা জানান, সকালে বিভিন্ন রুট থেকে লঞ্চ এসেছে। তবে চাঁদপুর ছাড়া অন্য কোনো রুটে লঞ্চ ছেড়ে যায়নি। দুপুরের পর সব রুটেই লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
প্রিন্স আওলাদ-১০ লঞ্চটি রাত ৯টায় বরিশালের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। লঞ্চের স্টাফ মাসুদ বলেন, ৪টার দিকে জানিয়েছে লঞ্চ যাবে না। এখন যাত্রীরা এসে ফিরে যাচ্ছে। যাদের কেবিন নেয়া ছিল, টাকা ফেরত নিচ্ছে। আবার অনেকে আগামীকাল বা পরশুর কেবিন নিচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সদরঘাট নৌ টার্মিনালের যুগ্ম পরিচালক মুহম্মদ মোবারক হোসেন বলেন, বেলা ৩টা থেকে সদরঘাট থেকে ছোট-বড় সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে বৈরী আবহাওয়ার কারণে। সকাল থেকে লঞ্চ চলাচল সীমিত ছিল ঘাটে। বেশ কয়েকটি লঞ্চ বিভিন্ন রুট থেকে ঘাটে এসেছে। আর দু’টি লঞ্চ ছেড়ে গেছে।



