জামালপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর বাঘ লাগবেই

Printed Edition

জামালপুর প্রতিনিধি

নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হলেও পছন্দের ‘বাঘ’ প্রতীক না পাওয়ায় এখনো প্রতীক গ্রহণ করেননি জামালপুর-২ (ইসলামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান। গত বুধবার রাত পর্যন্ত ‘বাঘ আমার লাগবেই’- এ দাবি নিয়ে জামালপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান করেন তিনি। সে সাথে তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার নিকট ‘বাঘ’ প্রতীক নেয়ার জন্য জোর দাবি জানান।

জানা যায়, বাঘ প্রতীকটি প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) জন্য বরাদ্দ ছিল। যার নিবন্ধন নির্বাচন কমিশন বাতিল করে দেয়। কিন্তু ওই দলটি রিট পিটিশন (নম্বর ১১৩৯/২০২০) দায়ের করায় তাকে বাঘ প্রতীক দেয়া সম্ভব হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে ১৩৮ জামালপুর-১, ১৩৯ জামালপুর-২, ১৪০ জামালপুর-৩, ১৪১ জামালপুর-৪ ও ১৪২ জামালপুর-৫) সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ২০ অনুচ্ছেদ এবং নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৯ অনুসারে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়েছে।

এদিকে অর্ণব ওয়ারেস খান ‘বাঘ’ প্রতীক ছাড়া প্রতীক গ্রহণ না করায় উদ্ভূত সমস্যার সমাধানের জন্য জামালপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনে একটি চিঠি পাঠিয়েছে।