রংপুর ব্যুরো
রংপুর রেলওয়ে স্টেশনে একটি লোকাল ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট থেকে বুড়িমারীগামী ৪৬১ নম্বর ট্রেনটি স্টেশনের তিন নম্বর ক্রসিং পয়েন্টে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। চালক দ্রুত ব্রেক করায় বড় হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুর্ঘটনার পর রংপুরের সাথে কাউনিয়া, লালমনিরহাট, কুড়িগ্রাম, বামনডাঙ্গা, বগুড়াসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে লাইনের স্লিপার সংস্কার না করা এবং পর্যাপ্ত পাথর না থাকাই দুর্ঘটনার কারণ। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
লাইনচ্যুত ইঞ্জিন ও বগি মূল লাইনে আটকে থাকায় লালমনিরহাট বিভাগের বিভিন্ন স্টেশনে দোলনচাঁপা, রামসাগর, বুড়িমারী কমিউটার, রমনা লোকাল ও লালমনিরহাট কমিউটার-৬৪সহ অন্যান্য ট্রেন কয়েক ঘণ্টার জন্য আটকা পড়ে। বেলা সাড়ে ১২টার দিকে লাইনচ্যুত না হওয়া ছয়টি বগি অন্য একটি ইঞ্জিন দিয়ে সরিয়ে স্টেশনের এক নম্বর লাইনে রাখা হয়। এতে এক ও দুই নম্বর লাইন ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত হয়। দুপুর ১টার দিকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শী জাহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ওই লাইনের স্লিপার সংস্কার করা হয়নি। পানিতে কাঠের স্লিপার নষ্ট হয়ে গেছে এবং লাইনে পর্যাপ্ত পাথরও নেই। চালক দ্রুত ব্রেক করায় শুধু ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়েছে বলে তিনি দাবি করেন। স্টেশনে অবস্থানকারী আবুল কাশেম বলেন, তিন নম্বর লাইনটি ঝুঁঁকিপূর্ণ হলেও সেখানে ট্রেন রাখা হয়েছিল। তিনি দাবি করেন, দুর্ঘটনাস্থলের স্লিপারগুলো দীর্ঘদিন ধরে নষ্ট অবস্থায় রয়েছে। তার অভিযোগ, আগে দুই নম্বর লাইনের স্লিপার সংস্কারের পর সেগুলো দিয়ে তিন নম্বর লাইন সংস্কারের দাবি উঠলেও তা করা হয়নি।
উদ্ধার কার্যক্রম তদারকিতে থাকা রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) ধীমান ভৌমিক জানান, দুপুর দেড়টার দিকে উদ্ধার কাজ শুরু হয়। বিকেল সাড়ে ৩টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়েছে। ইঞ্জিন উদ্ধারের কাজ চলছিল। তিনি বলেন, চালকের গাফিলতি, লাইনের সমস্যা নাকি অন্য কোনো কারণে দুর্ঘটনা ঘটেছে- তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তা স্পষ্ট হবে। স্থানীয়দের অভিযোগের বিষয়টিও তদন্তে রাখা হবে বলে জানান তিনি।



