রাজশাহী নগরীতে মশা নিয়ন্ত্রণে ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন

Printed Edition

রাজশাহী ব্যুরো

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে পুরো মহানগরীতে মশা নিয়ন্ত্রণে ১৫ দিনের ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে মহানগরীর পদ্মা আবাসিক এলাকার নর্দমায় ফগার মেশিনের স্প্রের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন।

রাসিক সূত্র জানিয়েছে, প্রতিদিন পাঁচটি করে ওয়ার্ডে সকাল সাড়ে ৬টা থেকে একবেলা ১০টি ওয়ার্ডে (২ সাইকেল) চক্রাকারে ফগার স্প্রে কার্যক্রম পরিচালিত হবে।

এ সময় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে আমাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমরা প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাব। রাজশাহীকে আরো উন্নত ও জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। নিজেকে সততার মধ্যে রেখে আমি দায়িত্ব পালন করে যাব।

রাসিক প্রশাসক আরো বলেন, নগরীতে দীর্ঘদিন ফগার মেশিনে স্প্রে কার্যক্রম বন্ধ ছিল। আজ থেকে ১৫ দিনব্যাপী কার্যক্রম শুরু হলো। পবিত্র রমজানের কারণে দিনে সকালে একবেলা এই কার্যক্রম চলবে। আগামীতে এই কার্যক্রম চলমান রাখা হবে। আগামী বর্ষা মৌসুমে যেন নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়, সেজন্য ড্রেন পরিষ্কার কার্যক্রম শিগগিরই শুরু হবে। রাজশাহীতে হাইটেক পার্কের কার্যক্রম সচল করা হবে।

এ সময় রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, পরিচ্ছন্ন কর্মকর্তা (মশক) জুবায়ের হোসেন মুন, চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল হক ফাহী, সদস্যসচিব মনিরুল ইসলাম জনি, শাহ মখদুম থানা বিএনপির সদস্যসচিব নাসিম খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: রঞ্জু, যুগ্ম আহ্বায়ক রুমন শরীফ, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো: ডাব্লু, ২৬ নম্বর ওয়ার্ড সভাপতি বাবু সহ স্থানীয় নেতৃবন্দ উপস্থিত ছিলেন।