রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ঝুঁকিপূর্ণ ঘোষিত শেরেবাংলা ফজলুল হক হলের রিডিং রুমে এসি স্থাপনের উদ্যোগে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, হলের শিক্ষার্থীদের ইতোমধ্যে নির্মাণাধীন শহীদ এ এইচ এম কামারুজ্জামান হলে (বিজয়-৭১) স্থানান্তর করা হয়েছে। তাই শেরেবাংলা হলের পরিবর্তে নতুন হলে এসি স্থাপন করা উচিত।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, আবাসিক হলগুলোর রিডিং রুমে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করতে পর্যায়ক্রমে এসি স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য ইউজিসি থেকে বাজেটও অনুমোদন করা হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, শেরেবাংলা হলের বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ। অন্য দিকে বিজয়-৭১ হলে ডাইনিং, ক্যান্টিন ও পর্যাপ্ত পানির ব্যবস্থা এখনো হয়নি। এসব মৌলিক সুবিধা নিশ্চিতের পাশাপাশি নতুন হলে এসি স্থাপনের দাবি জানান তারা।
শেরেবাংলা হল সংসদের এজিএস ওমর ফারুক বলেন, নতুন হলে ডাইনিং, ক্যান্টিন ও সাবমার্সিবল পাম্প স্থাপনের জন্য আবেদন করা হয়েছে। একই সাথে সেখানে এসি স্থাপনের দাবিও জানানো হয়েছে।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. শরিফুল ইসলাম বলেন, রিডিং রুমে এসি স্থাপনের বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। সরঞ্জামও এখনো আসেনি। বরাদ্দকৃত এসি শেরেবাংলা হলেই স্থাপন করা হবে।
প্রো-ভিসি অধ্যাপক আবদুল আলিম বলেন, নতুন হলটি পুরোপুরি চালু হয়নি। সব প্রস্তুতি শেষ হলে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে উপযুক্ত স্থানে এসি স্থাপনের সিদ্ধান্ত নেয়া হবে।



