নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরায় পেট্রলপাম্প থেকে সোয়া কোটি টাকা ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার হাফিজ উদ্দিন মাস্টার রোডের একটি বাসার গ্যারেজ থেকে এটি উদ্ধার করা হয়। রিমান্ডে থাকা সাগর বাড়ৈর দেয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। শুক্রবার ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো: ইলিয়াছ কবির।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, যেখান থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে, সেখানে ‘ইতালি প্রবাসী’ পরিচয়ে ভাড়া থাকতেন সাগর বাড়ৈ। উত্তরার সে পেট্রলপাম্পে ছিনতাইয়ের ঘটনার পর মোটরসাইকেলটি ওই বাসার গ্যারেজে রেখে তিনি আত্মগোপন করে। সাগরের গ্রেফতারের খবরে তার পরিবার মালামাল নিয়ে পালিয়ে যায়।
ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর দাবি করেছিলেন, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি গোপালগঞ্জে লুকিয়ে রাখা হয়েছে।



